চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ ৩৫ কর্মকর্তা রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারসহ ৩৬ পুলিশ কর্মকর্তার রদবদল হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়। চট্টগ্রাম মহানগরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের বর্তমান অতিরিক্ত কমিশনার আবুল কাশেম। চট্টগ্রামের বর্তমান কমিশনার মো. মনিরুজ্জামানকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। তবে চট্টগ্রাম সিটি কপোরেশনের নির্বাচনের পর এ বদলি কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই বিরোধী দল বিএনপি মহানগর পুলিশ কমিশনারকে বদলির দাবি জানিয়ে আসছিল।এ ছাড়া বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম হাফিজুর রহমানকে সিআইডিতে, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নওশের আলীকে পদোন্নতি দিয়ে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিশন থেকে ফিরে আসা অতিরিক্ত ডিআইজি মহসিন হোসেনকে খুলনার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট, সেখানকার কমান্ডেন্ট আবদুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিআইডিতে, মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) অমূল্য ভুষণ বড়ুয়াকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে, ডিএমপির উপকমিশনার হুমায়ুন কবিরকে যুগ্ম কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে মহানগর পুলিশেই রাখা হয়েছে, একইভাবে পদোন্নতি দিয়ে আবদুর রহিমকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) শফিকুর রহমানকে চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দেওয়া হয়েছে, এসবির অতিরিক্ত ডিআইজি মেজবাহউদ্দীনকে র্যাবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মীর শহীদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।ডিএমপির উপকমিশনার খন্দকার রফিকুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার, ঝালকাঠির পুলিশ সুপার আলমগীর রহমানকে নীলফামারীতে, নীলফামারীর পুলিশ সুপার গোলাম রসূলকে সারদা পুলিশ একাডেমিতে, সারদার পুলিশ সুপার আবুল খায়েরকে চট্টগ্রাম এপিবিএনে, মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মো. মারুফ হাসানকে সিআইডিতে, খুলনা মহানগরের উপকমিশনার আবদুল মালেককে পুলিশ সদর দপ্তরে ও সিআইডির পুলিশ সুপার মনির হোসেনকে আরআরএফ রাজশাহীতে বদলি করা হয়েছে।ট্রাফিক প্রশিক্ষণ স্কুলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আমিনকে রাজশাহী মহানগর পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় সিসিমকে রাজশাহী মহানগর পুলিশে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করিমকে মানিকগঞ্জে, এসবির এসএম আইনুল বারীকে রাজবাড়ী জেলায়, ঢাকার ইমাম হোসেনকে ফেনী জেলায়, ফেনীর মল্লিক ফকরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগমকে চট্টগ্রাম মহানগর পুলিশে, রংপুরের খন্দকার নাজমুল হাসানকে ঢাকা মহানগর পুলিশে, পঞ্চম এপিবিএনের জুলফিকার আলী হায়দারকে খুলনা মহানগরের উপকমিশনারের চলতি দায়িত্বে দেওয়া হয়েছে।পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিকে কক্সবাজারের পুলিশ সুপার, রাজবাড়ীর পুলিশ সুপার আক্তারুজ্জামানকে পঞ্চম এপিবিএনে, জয়পুরহাটের পুলিশ সুপার মাসুদুল আলমকে পুলিশ সদর দপ্তরে, মিশন থেকে আসা পুলিশ সুপার মাসুদুর রহমান ভুঞাকে চাঁপাইনবাবগঞ্জে, সারদা পুলিশ একাডেমির সিদ্দিক তানজিলুর রহমানকে দিনাজপুরে এবং মিশন থেকে আসা দেবদাস ভট্টাচার্যকে বরিশালে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।