চট্টগ্রামের প্রবেশমুখে কনটেইনার ইয়ার্ড নির্মাণের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা
চট্টগ্রাম নগরের প্রবেশমুখে ভিক্টোরি জুট মিলের জায়গায় কনটেইনার ইয়ার্ড নির্মাণের উদ্যোগের প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে কনটেইনার টার্মিনাল প্রতিরোধ কমিটির ব্যানারে স্থানীয় বাসিন্দারা। কর্মসূচির মধ্যে আছে মতবিনিময়, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, ১০ মার্চ থেকে দুই দিনব্যাপী মিল গেটে অবস্থান ধর্মঘট, আগামী ১৪ মার্চ ইস্পাহানি শিল্পগোষ্ঠীর প্রধান কার্যালয় ঘেরাও ইত্যাদি। এর পরও দাবি আদায় না হলে কারখানা ফটকে পিলার নির্মাণের ঘোষণা দেওয়া হয়।আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন কনটেইনার টার্মিনাল প্রতিরোধ কমিটির সদস্যসচিব মো. কামাল উদ্দিন। এ সময় প্রতিরোধ কমিটির উপদেষ্টা আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম, আহ্বায়ক নিজামুল হক, সদস্য শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।ভিক্টোরি জুট মিলের ৫৭ শতাংশ শেয়ার থাকা ইস্পাহানি গ্রুপ এবং বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজিএমসি) যৌথ মালিকানার এ পাটকল প্রায় দুই বছর ধরে বন্ধ আছে। এ পাটকলের বড় গুদামগুলো এখন বেসরকারিভাবে আমদানি করা খাদ্যশস্যের গুদাম হিসেবে ব্যবহূত হচ্ছে । লিখিত বক্তব্যে কামাল উদ্দিন বলেন, ভিক্টোরি জুট মিলে কনটেইনার ইয়ার্ড নির্মাণ হলে অর্ধেক এলাকা বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যাবে। শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। এই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।প্রতিরোধ কমিটির উপদেষ্টা খোরশেদ আলম বলেন, ১৯৫৯ সালে স্থানীয় বাসিন্দাদের জমি হুকুম দখল করে কারখানা প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৫ সালের পর এ কারখানার সাবেক মালিক ইস্পাহানি গ্রুপের কাছে ৫৭ শতাংশ শেয়ার হস্তান্তর করা হয়। ২০০৮ সাল থেকে কারখানাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কারখানার জন্য অধিগ্রহণ করা জমি আইন অনুযায়ী কনটেইনার ইয়ার্ড নির্মাণ করা যায় না বলে তিনি জানান।