চট্টগ্রামের বর্ণমেলায় দেশপ্রেমের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরেক রকম বর্ণ। লাল বর্ণ, নীল বর্ণ, বড় বর্ণ, ছোট বর্ণ। গাছে বর্ণ, মাঠে বর্ণ, নাগরদোলায় বর্ণ, মঞ্চে বর্ণ, পোশাকে বর্ণ, কপালে বর্ণ, মাথায় বর্ণ। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথার ওপর দেওয়া আচ্ছাদনটিও বর্ণখচিত। এই না হলে বর্ণমেলা!আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এই বর্ণমেলার আসর বসেছিল চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। প্রথম আলো এই মেলার আয়োজন করে। দিনভর বর্ণ প্রদর্শনী, বর্ণ নিয়ে প্রতিযোগিতা, গান, নাচ, জাদু, নাটক ইত্যাদিতে আগতরা শপথ নিয়েছে দেশপ্রেমের।গতকাল সকালে বর্ণখচিত বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভাষাসৈনিক ডা. সৈয়দুর রহমান চৌধুরী। তিনি আগত শিক্ষার্থী ও অভিভাবকদের শোনান ভাষা আন্দোলনের গল্প। এর আগে রক্তকরবীর শিল্পীরা পরিবেশন করেন জাতীয় সংগীত। উদ্বোধনের পর তাঁরা গেয়ে শোনান ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।’প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূরের পরিচালনায় অনুষ্ঠিত বর্ণমেলায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন।আবুল মোমেন বলেন, বর্ণ পরিচয়ের মাধ্যমে বাংলা ভাষার প্রতি, সাহিত্যের প্রতি অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে হবে।দিনব্যাপী মেলায় ছিল হাতের লেখা, চিত্রাঙ্কন ও বর্ণ প্রদর্শনী প্রতিযোগিতা। কেউ হাতপাখায়, কেউ বা ডাল দিয়ে, কেউ বা চাল দিয়ে, কেউ বা শোলার ওপর বর্ণ লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ ছাড়া শহীদ মিনার, তারুণ্যের একুশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। মেলায় ছিল বর্ণ ভোজ, বর্ণে পোশাক, বর্ণ পণ্ডিত, বর্ণে বইঘর, বর্ণে ডাকটিকিট, বই বর্ণালি, বর্ণ ছায়া ইত্যাদি দোকান। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও ভিড় করেন এসব দোকানে। নাগরদোলার নাম পাল্টে হয়ে যায় বর্ণদোলা। আর বর্ণদোলায় চড়ার জন্য শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভিড় ছিল ‘হ তে হাতেখড়ি’ দোকানের সামনে। সেখানে শিল্পী অধ্যাপক আবুল মনসুর, অধ্যাপক ভূঁইয়া ইকবাল, শিল্পী সৌমেন দাশ, শিল্পী কে এম এ কাইয়ুম, শিল্পী দিলারা বেগম জলি, শিল্পী আহমেদ নেওয়াজের মতো বিশিষ্টজনদের কাছে হাতেখড়ি নিতে ব্যস্ত ছিল খুদে শিশুর দল।স্কুলমাঠে বসানো হয় ‘ঝ’ ও ‘আ’ দুইটি বিশাল বর্ণ। এই তিনটি স্থাপনাশিল্প করেছেন শিল্পী তাসাদ্দুক হোসেন দুলু, শায়লা শারমিন ও জাহেদ আলী চৌধুরী। শুধু বাংলা বর্ণমালা নয়, ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠী যেমন চাকমা, মারমা ইত্যাদি বর্ণমালারও প্রদর্শনী। সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপনী টানেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। রক্তকরবী ছাড়াও বৃন্দ পরিবেশনায় অংশ নেয় উদীচী শিল্পী গোষ্ঠী, সংগীত ভবন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়, মেরন সান স্কুল, কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও সিলভার বেলসম স্কুল অ্যান্ড কলেজ।নাটুয়ার ‘একুশের গ্রহণ’ শীর্ষক কোরিওগ্রাফি আগতদের মুগ্ধ করে। আবৃত্তি দল প্রমার আবৃত্তি মন ছুঁয়ে যায়। এ ছাড়া প্রিয়তোষ ও তার দল পরিবেশন করে যন্ত্র সংগীত। একক সংগীত নিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন ক্লোজ আপ ওয়ানখ্যাত শিল্পী রাশেদ, নিশিতা ও অরিন। ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্রতিযোগী চৈতীও। গিরিজার লোকগীতিও মন ছুঁয়েছে। রাজীব বসাকের জাদু আর নাট্য নিলয়ের পুতুলনাচ মুগ্ধচিত্তে উপভোগ করেছে শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সায়েম ও নুসরাত। অনুষ্ঠানে প্রচার সহযোগী ছিল চ্যানেল নাইন। যারা পুরস্কার পেয়েছে: চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে সৈয়দা রামিসা তাহিয়াত। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মাহীব রহমান ও তাসনিয়া হাবীব। চিত্রাঙ্কন খ বিভাগে সেরা তিনটি পুরস্কার পেয়েছে যথাক্রমে ইফফাত লাবিবা, তাওসিফা জারিন ও শাদনান তাওসিফ। গ বিভাগে প্রথম হয় ফবলিহা সোহায়ের আখতার। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে প্রণয় চৌধুরী ও আইয়ুব আরমান। হাতের লেখা প্রতিযোগিতায় ক বিভাগে মাইশা নাহিয়ান আজাদ প্রথম, রামিসা ও নাফিসা জেরিন যুগ্মভাবে দ্বিতীয় এবং সারাহ তারান্নুম ও সৈয়দা রামিসা তাহিয়ান যুগ্মভাবে তৃতীয় হয়। খ বিভাগে অবনী প্রিয়া বড়ুয়া প্রথম, প্রযুক্তা প্রেরণা চৌধুরী দ্বিতীয় ও সুমাইয়া তৃতীয় হয়। গ বিভাগে নাঈমা সুলতানা প্রথম, আফিয়া আনজুম ও সৌমিক রায় যুগ্মভাবে দ্বিতীয় এবং সিলভিয়া আলম ও ফাইরাজ আনোয়ার যুগ্মভাবে তৃতীয় হয়। বর্ণ প্রদর্শনীতে ক বিভাগে মাহির আনাহার নেওয়াজ প্রথম, অগ্নিভা ইসতাকিম ও আরমান আজয়াত যুগ্মভাবে দ্বিতীয় এবং মিতা তৃতীয় পুরস্কার পায়। খ বিভাগে আবুল বাশার প্রথম, ওশিন দ্বিতীয় ও লাবণ্য সরকার তৃতীয় হয়। গ বিভাগে মং ম্লকা রাখাইন প্রথম, কাজী মেহেতাজ দ্বিতীয় ও ইফফাত জাহান তৃতীয় হয়।