চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় পানি, ভাসছে চাল-ডাল
নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জ। গতকাল শুক্র ও আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে এ এলাকায় পানি ঢোকে। চালের আড়ত, ডালের আড়ত, শুঁটকিপট্টি, তেলের দোকান, ভুসির আড়ত, মসলার বাজারসহ বহু দোকানের সবকিছু পানিতে ডুবে গেছে। এতে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।দীর্ঘ ২৫ বছর ধরে চাক্তাই ও খাতুনগঞ্জে কাজ করছেন খায়ের, রহিম, ইছহাক মাঝি। তাঁরা বলেন, ‘১৯৯১ সালের ভয়ংকর ঘূর্ণিঝড়ের পর এসব এলাকায় এত পানি আর দেখিনি। এমন কোনো দোকান নেই যে পানি ঢোকেনি। রাতে পানি ঢোকায় ক্ষতি বেশি হয়েছে।’ চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রথম আলোকে বলেন, প্রায় ৯০ শতাংশ আড়ত ও দোকানে পানি ঢুকেছে। কয়েক শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে পানি ঢোকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তিনি আরও বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্রে এভাবে পানি ঢুকলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।’গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, চাক্তাই খালের পাশে ও কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত আছদগঞ্জ, খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকার কোথাও কোমরসমান, আবার কোথাও হাঁটুপানি। রাস্তার পাশের দোকান-আড়তে পানি থই থই করছে। পানিতে ডাল-মরিচ-তেল ভাসছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চালপট্টির। আড়তের ভেতরে চালের বস্তা ভিজে একাকার। অন্তত সাড়ে সাত হাজার টন চাল নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, ‘চাক্তাই এলাকায় প্রায় দেড় হাজার দোকান আছে। শুধু চালের বাজারে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর স্থায়ী সমাধান দরকার। আমরা বিভিন্ন সময় চাক্তাই খালের মুখে স্লুইসগেট দেওয়ার দাবি করেছিলাম।’খাতুনগঞ্জের শুঁটকিপট্টিতে দেখা যায়, শুঁটকির বস্তা পানিতে ভাসছে। রাতে পানি নামার পর ব্যবসায়ীরা ধোয়ামোছা করছিলেন। কিন্তু দুপুর ১২টার দিকে আবার পানিতে তলিয়ে যায় ওই এলাকা। শফিক মিয়ার আড়তের কর্মচারী মো. ইছহাক জানান, শুঁটকিপট্টির এমন কোনো দোকান নেই যে পানি ঢোকেনি। তাঁর দোকানের প্রায় দুই লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে। খাতুনগঞ্জে ডালের আড়তদার মুক্তা স্টোরের মালিক মৃদুল দাশ মাথায় হাত দিয়ে বসে আছেন। মেঝের পানিতে ভাসছে ডাল। আড়তের পেছনের গুদামে ডালের বস্তা ভিজে একাকার। দোকানের কর্মচারী মিঠু ঘোষ বলেন, তাঁদের ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই অবস্থা দেখা গেছে পাশের তেলের আড়ত এবি স্টোর, মরিচের আড়ত ফরিদ ব্রাদার্স, মসলার আড়ত হাজি চান্দ মিয়া সওদাগর, মদিনা ট্রেডিংয়ের। নগরের নিচু এলাকা প্লাবিত: তিন দিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। গতকাল বেলা তিনটা পর্যন্ত নগর ও আশপাশের এলাকায় ১১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি অস্বাভাবিক জোয়ারের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।নগরের হালিশহর, পাথরঘাটা, বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, মোহরা, চান্দগাঁওসহ নিচু এলাকার রাস্তাঘাট বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো স্থানে হাঁটুপানি আবার কোথাও কোমরসমান। পানি নামতে না পারায় কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেককে ঘরের পানি সেচতে দেখা গেছে। এ ছাড়া পতেঙ্গা, কাট্টলী ও কাঠগড় এলাকায় শতাধিক চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। ঢেউয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহর রক্ষা বাঁধও।রাজাখালীর বাসিন্দা মো. ফরিদ বলেন, ‘রাতে আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঠান্ডা লাগায় চোখ মেলে দেখি, ঘরে পানি ঢুকে বিছানা ভিজে যাচ্ছে। বৃষ্টিতে জোয়ার আসার পর পানি ভেতরে ঢুকে পড়ে।’দেড় লাখ লোক পানিবন্দী: চট্টগ্রামের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আনোয়ারার প্রায় ৭০০ ঘর পানিতে তলিয়ে গেছে। বাঁশখালীর চার ইউনিয়নের প্রায় এক লাখ এবং আনোয়ারার প্রায় ৫০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। জানা গেছে, রাতভর প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁশখালী ও আনোয়ারার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়ে। বাঁশখালীর খানখানাবাদ, ছনুয়া, মৌলভীবাজার, গন্ডামারা, প্রেমাশিয়া এলাকার বেড়িবাঁধ উপচে পানি ঢোকে। এসব এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ছয়-সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। বাঁশখালীতে শতাধিক চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আনোয়ারার রায়পুর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী। ইউনিয়নের ১০৫টি ঘর ও ১৮টি দোকান পানির স্রোতে ভেসে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সৈয়দ চৌধুরী বলেন, ইউনিয়নের সব বাড়িতে পানি ঢুকেছে। ৩৫০ একর আমন ফসল নষ্ট হয়েছে। এ ছাড়া আনোয়ারার জুঁইদণ্ডি ইউনিয়নের অর্ধেক অংশ পানিতে তলিয়ে গেছে। এখানে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী।