চট্টগ্রামের মেয়র পদপ্রার্থী ঠিক করবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক হয়।বৈঠক সূত্রে জানা গেছে, সিসিসির মেয়র পদে নির্বাচনের জন্য চারজন প্রার্থীর প্যানেল করা হয়েছে। এই প্যানেলে রয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মো. দস্তগীর চৌধুরী, শাহাদত হোসেন ও মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। এই প্যানেল চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। এ চারজনের বাইরে যে কেউ চট্টগ্রামে বিএনপি থেকে মেয়র পদপ্রার্থী হতে পারেন। কারণ, খালেদা জিয়াই ঠিক করবেন সিসিসিতে বিএনপির হয়ে কে নির্বাচন করবেন।সিসিসি নির্বাচনে নিজ দলের প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আজকের বৈঠকে যোগ দেননি। এ সম্পর্কে নোমানের ঘনিষ্ঠ এম সবুর প্রথম আলোকে বলেন, তিনি আজকের বৈঠকে আসার প্রয়োজন মনে করেননি। চট্টগ্রামের মানুষ বিএনপির প্রার্থী হিসেবে তাঁকেই চায়। তাঁর জনপ্রিয়তাও বেশি। চারজনের প্যানেলে নোমানের নাম নেই কেন, এ প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত থাকা এক নেতা প্রথম আলোকে জানান, যেহেতু আজকের বৈঠকে আবদুল্লাহ আল নোমান আসেননি, তাই ধরে নেওয়া হয়েছে, তিনি নির্বাচন করবেন না।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই চট্টগ্রামের নেতাদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এ বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, ওয়াহেদুল আলম, শাহাদত হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।