চট্টগ্রামের মেয়র ভারত থেকে ফ্যাক্স পাঠিয়ে বরখাস্ত করলেন সিইওকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ হোসেন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছেন ভারতে অবস্থানরত চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত সোমবার নয়াদিল্লি থেকে মেয়রের ফ্যাক্সে পাঠানো ওই বহিষ্কারাদেশ পাওয়ার পর থেকে গত দুই দিন প্রধান নির্বাহী কর্মকর্তা অফিসে যাননি।চিকিত্সার জন্য মেয়র ৩ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লি গেছেন। কাল শুক্রবারই তাঁর দেশে ফেরার কথা।করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের সিইওর নেতৃত্বাধীন কমিটি সোমবার দুপুরে মেয়রের কক্ষে একটি বৈঠক করছিলেন। অভিযোগ করা হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মেয়রের জামাতা সেলিম আকতার চৌধুরী ‘অযাচিতভাবে’ প্রবেশ করে মেয়র না ফেরা পর্যন্ত পদোন্নতির তালিকা না করতে কমিটির ওপর চাপ সৃষ্টি করেন। তিনি বেরিয়ে যাওয়ার এক ঘণ্টা পরই সিইওকে সাময়িক বরখাস্তের ফ্যাক্সবার্তা আসে বলে জানা যায়।প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী তাঁকে সাময়িক বরখাস্ত করা সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি।গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত রবীন্দ্র-নজরুল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের জন্য সাক্ষাত্কার নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত মেয়র মনোয়ারা বেগম ওরফে মনি এ সাক্ষাত্কার কর্মসূচি বাতিল করেন। সোমবারের বৈঠকে উপস্থিত ভারপ্রাপ্ত মেয়র মনোয়ারা বেগম বলেন, ‘এই জটিল বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে এসব নিয়ে লেখালেখি করলে তা করপোরেশনের জন্য ভালো হয় না। আশা করি, মেয়র দেশে এলে সব ঠিক হয়ে যাবে। আমি প্রধান নির্বাহী কর্মকর্তাকে করপোরেশনে রাখার জন্য প্রয়োজনে মেয়রের পায়ে পড়ে থাকব।’সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ উপসচিব মর্যাদার। এই পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন দরকার। কিন্তু সে ধরনের কোনো পদ্ধতি অনুসরণ ছাড়াই ইমতিয়াজ হোসেন চৌধুরীকে সাসপেন্ড করা হয় বলে অভিযোগ উঠেছে।এ প্রসঙ্গে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব এ এন এম সিদ্দিক প্রথম আলোকে বলেন, এ ধরনের ব্যবস্থা সচরাচর সংস্থাপন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলেও তা সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমেই করতে হয়। এর ব্যত্যয় ঘটানোর কোনো অবকাশ নেই।করপোরেশন সূত্রে জানা গেছে, ৭০টি পদে পদোন্নতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর সঙ্গে বিরোধ দেখা দেয়। ডা. সেলিম ও মেয়রের স্ত্রী নিজেদের পছন্দের একটি তালিকা করে সেই অনুযায়ী পদোন্নতি দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ প্রসঙ্গে সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। আমি প্রধান নির্বাহীর কাছে গিয়ে কিসের ভিত্তিতে পদোন্নতি হচ্ছে, তা জানতে চেয়েছিলাম। তাঁকে বলেছি, মেয়র সাহেব এলে পদোন্নতির তালিকা করবেন। এখন নয়। এটা বলেই আমি তাঁদের সভাকক্ষ থেকে বেরিয়ে আসি।’শাশুড়ির সঙ্গে মিলে পদোন্নতির তালিকা তৈরি সম্পর্কে জানতে চাইলে ডা. সেলিম বলেন, ‘আমরা এসব কিছুই করছি না।’জানা গেছে, এর আগে গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মহিউদ্দিন চৌধুরী দুর্ব্যবহার করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাঁর কক্ষ থেকে বের করে দিয়েছিলেন।প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কারণ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলছে না। তবে পদোন্নতিসংক্রান্ত ওই বৈঠকে উপস্থিত একজন ওয়ার্ড কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ম অনুযায়ীই পদোন্নতির কাজ করছিলেন। কিন্তু অদৃশ্য একটি শক্তি এখানকার বিভিন্ন পদোন্নতির বিষয়টি নিয়ন্ত্রণ করছে। তারা করপোরেশনের বিভিন্ন পদ নিলামে তুলেছে। এ জন্য এ শক্তির বাধায় কাজ করতে পারলেন না তিনি।