চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, তাঁর তিন ছেলে, ভাই ও ভাতিজাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে গতকাল বৃহস্পতিবার অভিযোগ দিয়েছেন মীর ইফতেখার উদ্দিন নামের একজন পোশাক ব্যবসায়ী।মহানগর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মজিবুর রহমান গতকাল অভিযোগ গ্রহণ করে তা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।অভিযোগ আনা অপর নয়জন হলেন মন্জুর আলমের ছেলে মো. নিজামুল আলম, মো. সরোয়ার আলম ও মো. ফারুক আলম, ভাই মো. আবু তাহের, ভাতিজা দিদারুল আলম ও মো. শাহীন আলম, মেয়রের পারিবারিক প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল আমিন ও এস এম আসাদুজ্জামান এবং জাফর আহম্মদ। জাফর আহম্মদ বাদীর ব্যবসায়িক অংশীদার ছিলেন। পরে তাঁর সঙ্গে ইফতেখারের ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। বিচারক তাঁর আদেশে বলেন, ‘অভিযোগকারীর আনা অভিযোগসহ দাখিলি কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি। দুর্নীতি দমন কমিশনের বিধিমালা অনুযায়ী আনীত অভিযোগ গ্রহণ করে তা তদন্তের জন্য দুদককে নির্দেশ দেওয়া হলো।’ আগামী ১৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।এ প্রসঙ্গে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘ইফতেখার আমাদের ভাড়াটে ছিলেন। অনেক দিন তিনি ভাড়া দেননি। ভাড়া হিসেবে যে চেক দিতেন, তা ব্যাংকে ডিজঅনার হতো। এ কারণে তাঁর বিরুদ্ধে আমরা আদালতে মামলা করি।’ মেয়র বলেন, ‘আদালতের মাধ্যমে আমরা বকেয়া ভাড়া হিসেবে তাঁর কাছ থেকে ডিজঅনার চেকের সমপরিমাণ টাকা আদায় করি। এখনো তাঁর কাছে আমরা অনেক টাকা পাই। আমার লোকজন ভাড়া আদায় করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন, যে কারণে তাঁর বিরুদ্ধে আরও মামলা হয়েছে আদালতে।’বাদী মীর ইফতেখার তাঁর আরজিতে বলেন, তিনি (মীর ইফতেখার) পোশাক তৈরির কারখানার মালিক। ২০০৪ সালে তিনি মন্জুর আলমের মালিকানাধীন দেওয়ানহাটের একটি বাণিজ্যিক ভবনের মেঝে ভাড়া নিয়ে কারখানা চালু করেন। ইফতেখার পরের বছর কারখানাটি তৃতীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এরপর ভবনের ভাড়া নিয়ে মালিকের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে ২০০৭ সালের ৭ জুন পুলিশ ইফতেখারকে গ্রেপ্তার করে। এক সপ্তাহ পর ১৪ জুন তিনি জামিনে মুক্তি পান।ইফতেখার আদালতে বলেন, এ বিষয়ে তিনি স্থানীয় ডবলমুরিং থানা এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিতে গিয়েছিলেন। কিন্তু তারা তা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।ইফতেখার প্রথম আলোকে বলেন, ‘কারাগারে থাকার সময় আমার ভাইয়ের কাছ থেকে ১২ লাখ ৫৪ হাজার টাকা জোর করে আদায় করে নেন মন্জুর আলম সাহেবরা। ওই টাকা পরবর্তী ভাড়াটের নামে দেখানো হয়, যা আমার টাকা আত্মসাতের শামিল। আর আমাকে ক্ষমতার দাপট দেখিয়ে মিথ্যে অভিযোগে জেলে পাঠানো হয়। আমি এর প্রতিকার চাইতে আদালতের শরণাপন্ন হয়েছি।’গতকাল অভিযোগ শুনানির সময় আদালতে উপস্থিত প্রবীণ আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, এটি আদালতের কোনো মামলা নয়। আদালত অভিযোগ আকারে গ্রহণ করে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।