চট্টগ্রামের লোহাগাড়ায় জমিসংক্রান্ত বিরোধে দুই ভাই খুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা গ্রামে দুই বৃদ্ধ সহোদর খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন—মোহাম্মদ হোসেন (৭২) ও মোহাম্মদ মুহসিন (৬৮)। জানা যায়, কৃষি জমি ও ভিটেবাড়ি নিয়ে গত ১০ বছর ধরে মোহাম্মদ হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই মোহাম্মদ মুহসিনের পরিবারের বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আদালতে উভয়ের মামলা বিচারাধীন। আজ মোহাম্মদ হোসেন বিরোধপূর্ণ জমি চাষ করতে গেলে তাঁর ছোট ভাই মুহসিন বাধা দেন। এ নিয়ে একপর্যায়ে দা, কিরিচ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধলে মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় ছোট ভাই মোহাম্মদ মুহসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।আহত আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, জায়গা-জমির বিরোধ নিয়ে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।