চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর সিলেট কারাগার থেকে জামিনে বেরিয়ে গেছেন। অথচ চট্টগ্রামের র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে তাঁর মুক্তির বিষয়টি জানায়নি কারা কর্তৃপক্ষ। চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসীদের জামিনে বের হওয়ার আগে বিষয়টি কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের জানানোর রেওয়াজ আছে।তবে কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকাইয়া আকবর সিলেট কারাগারে থাকায় তাঁর ব্যাপারে মুক্তির আগাম তথ্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যায়নি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়মিত মাদকের হাট বসানো, মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি এবং কারাগারের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে আটজন শীর্ষ সন্ত্রাসীকে গত বছরের ৯ জুন রাতে চট্টগ্রাম কারাগার থেকে দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়। ঢাকাইয়া আকবর তাঁদের অন্যতম। তাঁকে পাঠানো হয় সিলেট কারাগারে। তাঁর সঙ্গে আরও পাঠানো অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তসলিমউদ্দিন, সোলায়মান ও গালকাটা রশিদকে।পুলিশ সূত্র জানায়, পাঁচলাইশ থানার একটি মামলায় ঢাকাইয়া আকবরের ১৭ বছর সশ্রম কারাদণ্ড হয়। তাঁর বিরুদ্ধে এখনো চারটি মামলা রয়েছে। যে মামলায় তাঁর সাজা হয়েছে সেটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলসুপার আলতাব হোসেন বলেন, ‘১৭ বছর সাজার মামলাসহ সব মামলায় অনেক আগেই জামিন পেয়েছেন ঢাকাইয়া আকবর। শুধু একটি মামলায় হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহার করা হয় ১৬ আগস্ট। সিলেট কারাগার কর্তৃপক্ষ আমাদের কাছে পিডব্লিউ প্রত্যাহারের নথি চাইলে আমরা পাঠিয়ে দিই। এরপর তিনি সিলেট কারাগার থেকে মুক্তি পান। সিলেট কারাগার থেকে মুক্তি দেওয়ায় আমরা তাঁর জামিনের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারিনি।’আকবর বলেন, ২০০১ সালের ৫ মে প্রথম তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর পাঁচবার জামিন হয়। প্রতিবারই আবার তাঁকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়। আকবর জানান, ১৯৯৭ সালের একটি অস্ত্র মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ২০০৪ সালে তাঁর ১৭ বছর সাজা হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে চারটি নয়, আর মাত্র একটি মামলা আছে।পুলিশ সূত্র জানায়, জরুরি অবস্থা জারির সময় ২০০৭ সালের জানুয়ারিতে ঢাকাইয়া আকবরকে সর্বশেষ গ্রেপ্তার করা হয়। ১৮ জানুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগেও তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সর্বশেষ তিনি ১৮ আগস্ট মুক্তি পান।র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ঢাকাইয়া আকবর বড়মাপের সন্ত্রাসী। তিনি সিলেট কারাগার থেকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বলে আমরা শুনেছি। চট্টগ্রামে ফিরে তিনি আবার বেপরোয়া চাঁদাবাজি ও সন্ত্রাস করতে পারেন বলে অনেকে আশঙ্কা করছেন। তিনি অপরাধ করলে তখন আমরা বসে থাকব না। তাঁকে কী ওষুধ দিতে হয় সেটা আমাদের জানা আছে।’সূত্র জানায়, ঢাকাইয়া আকবর জামিনে বেরিয়ে সরাসরি ঢাকায় চলে যান। কিছুদিন ঢাকায় অবস্থান করে তিনি চট্টগ্রামে ফিরে আসেন। তাঁর বিরুদ্ধে নগরের নাসিরাবাদ শিল্পাঞ্চল ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় চাঁদাবাজি এবং পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগ আছে। তিনি আবার চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে ছাড়া পাওয়া যুবলীগের নেতা মেহেদী হাসানের সঙ্গে ঢাকাইয়া আকবরের সম্পর্ক ভালো নেই। মেহেদীর বিরুদ্ধে নাসিরাবাদ শিল্পাঞ্চলে চাঁদাবাজির অভিযোগ আছে। ঢাকাইয়া আকবরও একই এলাকায় ঢুকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, ‘ঢাকাইয়া আকবর তাঁর বাহিনীকে সংগঠিত করার চেষ্টা করছেন। আমিও তাঁর চাঁদাবাজির শিকার। বিশেষ করে শিল্প কারখানায় চাঁদাবাজি ও পাহাড় কেটে জমি দখল শুরু করতে পারেন। র‌্যাব ও পুলিশ বাহিনী তৎপর থাকলে তাঁর অত্যাচার থেকে রেহাই পাওয়া যাবে।’