চট্টগ্রামের সঙ্গে রেলযোগাযোগ চালু
প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সীমিতভাবে রেলযোগাযোগ চালু হয়েছে। সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পরে মহানগর প্রভাতি, চট্টলা এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন একে একে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সাড়ে ছয়টা থেকে দুটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন অভিযান চালিয়ে চট্টগ্রাম অভিমুখী (ডাউন লাইন) পথটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী (আপ লাইন) পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।রোকনুজ্জামান বলেন, চট্টগ্রামগামী ট্রেনগুলোর মধ্যে তূর্ণা ও উদয়ন এক্সপ্রেস সীতাকুণ্ডে আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রাম মেইল চিনকি আস্তানায় আটকা পড়েছে। মেঘনা এক্সপ্রেস আটকা পড়েছে ফাজিলপুরে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ট্রেনগুলো কুমিরা পার হওয়ার পরই চট্টগ্রাম অভিমুখী ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এর আগে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ফৌজদারহাটে একটি অনুমোদনহীন রেলক্রসিংয়ের কাছে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের সঙ্গে কন্টেইনারবাহী একটি গাড়ির সংঘর্ষ হলে ইঞ্জিনসহ ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি এবং কুমিল্লার লাকসাম থেকে আরেকটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে নেওয়া হয়।