চট্টগ্রামের সঙ্গে ১৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ময়নামতি এলাকায় কনটেইনারবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ১৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। ফলে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে তিন জোড়া আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রকৌশলী হামিদুল হক বলেন, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ৮০৩ আপ কনটেইনার ট্রেনটি ৩২টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলস্টেশনের কাছাকাছি এলে এর পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের আধা কিলোমিটার এলাকা ও স্লিপারের ব্যাপক ক্ষতি হয়।গতকাল দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের স্লিপার ভেঙে গেছে। কোথাও কোথাও ফেটে গেছে। অনেক জায়গায় সরে গেছে রেললাইনের পাথর। দুর্ঘটনাকবলিত কনটেইনার ট্রেনের চারটি বগি রেললাইন থেকে সরিয়ে পাশে রাখা ছিল।পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তোফাজ্জাল হোসেন বলেন, ‘ভোরে লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দিনভর চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আমরা সফল হই। এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়। প্রথমে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ময়নামতি এলাকা অতিক্রম করে।’রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে গতকাল ঢাকা-চট্টগ্রাম পথের মহানগর প্রভাতী ও মহানগর গোধূলী এবং চট্টগ্রাম-সিলেট পথের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস নামের তিন জোড়া ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ওই ট্রেনগুলোর প্রায় পাঁচ হাজার যাত্রীর টিকিট ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ট্রেনের যাত্রীদের সকাল সাড়ে ১০টার দিকে এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের যাত্রীদের বেলা একটা ৩৫ মিনিটে ময়নামতি রেলস্টেশন এলাকায় অদলবদল (এক ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে ওঠানো হয়) করা হয়।যাত্রীদের দুর্ভোগ: দিনভর রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নারী, শিশুসহ শত শত যাত্রীকে চট্টগ্রাম রেলস্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। কেউ ট্রেনের ভেতরে, আবার কেউ প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়েন। ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত স্টেশনে অপেক্ষা করেন ঢাকা ও সিলেটের যাত্রীরা।বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কে এম মোস্তাফিজুল কবির প্রথম আলোকে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে আমার মেয়ের ঢাকা থেকে চট্টগ্রামে আসার কথা ছিল। শুক্রবার থেকে তার বিসিএস লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। ট্রেন দুর্ঘটনার কারণে সে আর আসতে পারেনি। অন্যদিকে, বুধবার আসার জন্য ট্রেনের টিকিট চেয়েও পায়নি। ফলে আমরা তার পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে উৎকণ্ঠায় আছি।’দাপ্তরিক কাজে গতকাল বিকেলের মহানগর গোধূলী ট্রেনে চড়ে ঢাকা যাওয়ার কথা ছিল আবুল কালামের। তাই আগেই শীতাতপনিয়ন্ত্রিত স্নিগ্ধা আসনের একটি টিকিট কেনেন তিনি। কিন্তু ট্রেন দুর্ঘটনার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ গোধূলীর যাত্রা বাতিল করে। এ কারণে তিনি বিকেলের বাসে চড়ে ঢাকায় যান।এ প্রসঙ্গে আবুল কালাম বলেন, ‘বাসের ভ্রমণ কষ্টদায়ক এবং সময়ও বেশি লাগে। তবু বাধ্য হয়ে বাসের টিকিট কিনে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী হাবিবুর রহমান বলেন, স্ত্রী ও এক সন্তান নিয়ে সিলেটে যাবেন। চার দিন আগে টিকিটও কাটেন। কিন্তু স্টেশনে এসে শোনেন, ট্রেন সিলেট যাবে না। এখন হঠাৎ করে কীভাবে সিলেট যাবেন, তা ভেবে পাচ্ছেন না।