চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ও চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন গতকাল বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চলতি বছরের ১৪ এপ্রিল সর্বশেষ বার্তা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গে সাজ্জাদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখা সাজ্জাদের দণ্ডাদেশ ও মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, আট খুনের মামলায় সাজ্জাদের মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। হত্যা, অস্ত্র আইনসহ আরও আটটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে সাজ্জাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের চাঁদাবাজিতে পুলিশ তটস্থ হয়ে পড়ে। এ কারণে চট্টগ্রাম পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে বার্তা পাঠাতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠায়। ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে মাইক্রোবাস থামিয়ে শিবির ক্যাডাররা গুলি করে হত্যা করেন ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ মোট আটজনকে। এ মামলায় সাজ্জাদসহ চার সন্ত্রাসীর মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের একটি আদালতে রায় ঘোষণার আগেই সাজ্জাদ দুবাই পালিয়ে যান। পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের ২ এপ্রিল সাজ্জাদ সর্বশেষ একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। বছর দেড়েক জেল খেটে তিনি জামিনে বেরিয়ে যান। চট্টগ্রামের কারাফটক থেকে তাঁকে জামায়াতের তখনকার একজন সাংসদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর তিনি গোপনে দুবাই চলে যান বলে প্রচার ছিল। দেশের বাইরে বসে তিনি চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে পুলিশ বিভিন্ন সময় বলে আসছিল।