চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ও চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন গত বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চলতি বছরের ১৪ এপ্রিল সর্বশেষ বার্তা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গে সাজ্জাদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখা সাজ্জাদের দণ্ডাদেশ ও মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আট খুনের মামলায় সাজ্জাদের মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। হত্যা, অস্ত্র আইনসহ আরও আটটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে সাজ্জাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের চাঁদাবাজিতে পুলিশ তটস্থ হয়ে পড়ে। এ কারণে চট্টগ্রাম পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে বার্তা পাঠাতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠায়। ২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে মাইক্রোবাস থামিয়ে শিবির ক্যাডাররা গুলি করে হত্যা করেন ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ মোট আটজনকে। এ মামলায় সাজ্জাদসহ চার সন্ত্রাসীর মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের একটি আদালতে রায় ঘোষণার আগেই সাজ্জাদ দুবাই পালিয়ে যান। পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের ২ এপ্রিল সাজ্জাদ সর্বশেষ একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। বছর দেড়েক জেল খেটে তিনি জামিনে বেরিয়ে যান। চট্টগ্রামের কারাফটক থেকে তাঁকে জামায়াতের তখনকার একজন সাংসদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর তিনি গোপনে দুবাই চলে যান বলে প্রচার ছিল। দেশের বাইরে বসে তিনি চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে পুলিশ বিভিন্ন সময় বলে আসছিল। পুলিশ সূত্রের দাবি, প্রায় এক দশক দুবাই ছিলেন সাজ্জাদ। সেখানে বাঙালি এক তরুণীকে তিনি বিয়ে করেন। পরে বাঙালি স্ত্রীকে সন্তানসহ দেশে পাঠিয়ে ভারতের এক তরুণীকে বিয়ে করেন। সেই সূত্রে ভারতে যান তিনি। জিম্মি ছিল বাসিন্দারা: চট্টগ্রামের বায়েজিদ, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকার বাসিন্দারা সাজ্জাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি ছিল বলে পুলিশ স্বীকার করেছে। ব্যবসা-বাণিজ্য শুরুর আগে কিংবা বাড়ি নির্মাণ বা জমি কেনার আগে সাজ্জাদের লোকজনকে মোটা অঙ্কের টাকা দিতে হতো। সাজ্জাদের দলের তিন ক্যাডারের নামে নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি হয়ে আসছে। তাঁরা হলেন: ম্যাক্সন, সরওয়ার ও আবদুল মহিম। প্রথম দুজন কারাগারে। আর মহিমের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১৬টি মামলা আছে। নগর পুলিশের উত্তরাঞ্চলের অতিরিক্ত পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সাজ্জাদের বাহিনীর সদস্যসংখ্যা এখন ২০ থেকে ২২ জনের মতো। তাঁর অনুপস্থিতিতে এখন আবদুল মহিমের নেতৃত্বে সন্ত্রাসীরা নগরে জায়গা দখল, ডাকাতি ও ছিনতাই করে আসছে। চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় নীরবে চাঁদাবাজিরও অভিযোগ আমরা পাই। বিশেষ করে, বাড়ি নির্মাণ ও জমি কেনাবেচার আগে সাজ্জাদের অনুসারীদের চাঁদা দিতে হয়।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, চাঁদার একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে দুবাইয়ে সাজ্জাদের কাছে চলে যেত। খণ্ড চিত্র: গত ১১ আগস্ট শহরতলির অক্সিজেনের পাঠানপাড়ায় ফটিকছড়ির এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং অন্য একজন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাসায় হামলা চালান সাজ্জাদের ক্যাডাররা। তাঁরা ওই চেয়ারম্যানের কাছ থেকে ৫০ লাখ টাকা এবং নির্মাণ প্রতিষ্ঠানের মালিক জমিরউদ্দিনের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, গত ১১ আগস্ট ঘটনার পর ফটিকছড়ির ওই ইউপি চেয়ারম্যান দুবাই গিয়ে সাজ্জাদের সঙ্গে ৩০ লাখ টাকায় সমঝোতা করেন। এতে চেয়ারম্যান আপাতত বিপদমুক্ত। তবে জমিরউদ্দিন সাজ্জাদকে চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। জমিরউদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে শুধু ৫০ লাখ টাকা নয়, আরও অনেক বেশি চেয়েছে। আমার অনন্যা এলাকায় ৫০ কোটি টাকার জমি সাজ্জাদ মাত্র ছয় কোটি টাকায় কিনে নিতে চায়। ১১ আগস্ট আমার বাসায় হামলা ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর সাজ্জাদ দুবার আমাকে ফোন করে জমি কেনার এই প্রস্তাব দেয়।’ সম্প্রতি শহরতলির অনন্যা এলাকায় এক প্রবাসীর বাড়িতে গিয়ে সাজ্জাদের ক্যাডাররা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। মহিলারা ভয়ে পুলিশকে ঘটনাটি জানাননি। শহরতলির চালিতাতলীর বাসিন্দা জনৈক হেলালের কাছে গত বছর ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। হেলালের এক ছেলে দুবাই থাকতেন। সেখানে সাজ্জাদ তাঁর ছেলের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা চেয়েছিলেন। সাজ্জাদের নির্দেশে তাঁর বাহিনীর ক্যাডার ম্যাক্সন ও সরওয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা গত বছরের ২৩ জানুয়ারি হেলালের বাড়িতে হানা দেয়। ম্যাক্সন ও সরওয়ার ৬০ লাখ টাকা চাঁদা দিতে সময়সীমা বেঁধে দিয়ে হেলালের গাড়িতে গুলিবর্ষণ করেন। সন্ত্রাসীরা এই বলে হুমকি দেন, পরে এলে গাড়ি নয়, হেলাল ও তাঁর পরিবারের সদস্যদের গুলি করা হবে। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা হয়েছে। ম্যাক্সন ও সরওয়ার এখন কারাগারে।