চট্টগ্রামের সিটি মেয়র মন্জুরের বিরুদ্ধে মহিউদ্দিনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলমসহ সাতজন মেয়র প্রার্থী ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করে মামলা করেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল রোববার চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনালে (প্রথম যুগ্ম জজ) তিনি মামলাটি করেন। এতে মন্জুরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। মামলায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে মোকাবিলা বিবাদী করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেন।গতকাল ঢাকায় শপথগ্রহণ শেষে জিয়ার কবরে ফুল দিয়ে বেরিয়ে মন্জুর সাংবাদিকদের বলেন, ‘আমি যতদূর জানি, আমার হলফনামায় আমি কোনো মিথ্যা তথ্য দেয়নি বা তথ্য গোপন করিনি। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এই মামলা করা হয়েছে।’ তিনি বলেন, এ মামলায় কিছু হবে না। জনগণ ১৭ জুন তাদের রায় দিয়ে দিয়েছে।আদালত সূত্র জানায়, মামলায় মেয়র মন্জুরকে এক নম্বর বিবাদী করা হয়েছে। অন্য ছয় বিবাদী হলেন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন ভুঁইয়া, জানে আলম, মো. ইব্রাহীম, মো. রফিকুল আলম, মো. সোলায়মান আলম শেঠ ও সৈয়দ সাজ্জাদ জোহা। গত ১৭ জুন ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে মন্জুর আলমের কাছে হেরে যান। জানা গেছে, গতকাল মামলা করার সময় মহিউদ্দিন চট্টগ্রামে ছিলেন না। তাঁর ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল আইনজীবীদের তদারক করেন। নওফেল প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুসংহত করার জন্য এ মামলা করা হয়েছে। এ মামলার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত ও শক্তিশালী এবং সব বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত হবে।আরজিতে অভিযোগ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাতটি তথ্যসংবলিত হলফনামা ও ব্যক্তিগত তথ্য ভোটারদের মধ্যে প্রচারের কথা উল্লেখ আছে। প্রথম বিবাদী (মন্জুর আলম) বিদ্যুৎ চুরির অভিযোগে বিদ্যুৎ আইনের ৩৯ ধারায় মামলার আসামি। তদন্তে তাঁর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তিনি ২০০৭ সালে ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেন। আরজিতে আরও অভিযোগ করা হয়, জরিমানা দেওয়ার আগে মন্জুর আলম গ্রেপ্তার এড়াতে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে উপযুক্ত বন্ড দিয়ে জামিন নেন। একই বছরের ৩১ জুলাই বিদ্যুৎ চুরিসহ যাবতীয় অভিযোগ স্বীকার করে জরিমানা দেন। এতে তাঁর নৈতিক পদস্খলন ঘটে। অথচ মনোনয়নপত্র দাখিলের সময় তিনি এ বিষয়টি গোপন রাখেন। আরজিতে দাবি করা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে গত ১১ জুন অভিযোগ দাখিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা অভিযোগ আলোচনা, পর্যালোচনা বা তদন্ত না করে বাদীকে (মহিউদ্দিন চৌধুরী) একটি চিঠি দিয়ে জানান, উপযুক্ত বিষয়ে আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, আনারস প্রতীকের মেয়রপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম কর্তৃক ১৮ লাখ টাকার বিদ্যুৎ চুরি বাবদ জরিমানা দেওয়ার অভিযোগের বিষয়ে এ কার্যালয়ের করার কিছু নেই।’ আরজিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার এই আদেশ দুর্ভেদ্য ও অস্পষ্ট। রিটার্নিং কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এক নম্বর বিবাদী দ্বারা প্রভাবিত হয়ে বাদীকে নির্বাচনে পরাজিত করতে এই দুর্ভেদ্য ও অস্পষ্ট বক্তব্য দেন। মহিউদ্দিনের কৌঁসুলি মোহাম্মদ হুমায়ুন আকতার বলেন, ‘মেয়র মন্জুর আলম হলফনামায় তথ্য গোপন ছাড়াও টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করেছেন। তিনি পদে পদে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। অথচ নির্বাচন কমিশন বিষয়গুলো দেখেনি। তাই আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে গিয়েছি।’