চট্টগ্রামের ১৬টি ঘাটে আমদানি করা খাদ্যশস্য খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট-সদরঘাট এলাকার ১৬টি ঘাটে গত মঙ্গলবার আমদানি করা খাদ্যশস্য খালাস একযোগে বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা খাদ্যশস্য খালাসের বিনিময়ে অতিরিক্ত বকশিশ ও ঘুষ দাবি করেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। জানা গেছে, বকশিশ নিয়ে ঘাটশ্রমিকদের সঙ্গে ব্যবসায়ীদের টানাপোড়েনের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে অন্তত ১৫০টি লাইটার জাহাজ প্রায় এক লাখ মেট্রিক টন খাদ্যশস্য নিয়ে আটকা পড়েছে। এর বেশির ভাগই গম।অভিযোগ উঠেছে, ঘাটশ্রমিকদের উসকানি দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক ওরফে এটলি। তিনি নিজেকে ঘাটশ্রমিকদের উপদেষ্টা দাবি করে প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের ঘুষ-বকশিশের কারণে নয়, আমদানিকারকদের অধিক লাভের চেষ্টার কারণে ঘাটে মারামারি-খুনোখুনির উপক্রম হয়েছে। এ কারণে মঙ্গলবার থেকে ঘাটে পণ্যের খালাস বন্ধ হয়ে গেছে।’ মাহবুবুল হক অতিরিক্ত বকশিশ আদায়ের অভিযোগ স্বীকার করে বলেন, এটি শ্রমিকদের দোষ নয়। ব্যবসায়ীরা বিভিন্ন সময় শ্রমিকদের অতিরিক্ত বকশিশ দিয়ে এ অবস্থার সৃষ্টি করেছে।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চাক্তাই-খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আমদানিকারকেরা আমদানি করা খাদ্যসামগ্রী সাগরের বড় জাহাজ থেকে লাইটার (ছোট) জাহাজে করে এনে এসব ঘাটে নিয়ে খালাস করেন। এরপর গুদাম কিংবা ঘাট থেকে তা সরাসরি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ঘাটে খালাস বন্ধ থাকায় গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে খাদ্যদ্রব্যের সরবরাহ বন্ধ।সরেজমিন ঘুরে ও ঘাট মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয়ভাবে গুদামে তোলা পণ্যের ক্ষেত্রে ঘাটশ্রমিকেরা ট্রাকপ্রতি ৮০ টাকা বকশিশ নিতেন। হঠাৎ তাঁরা মঙ্গলবার থেকে ট্রাকপ্রতি এক হাজার ২০০ টাকা বকশিশ দাবি করেন।অনুসন্ধানে জানা গেছে, আমদানিকারক নূরজাহান গ্রুপের ৫২ হাজার মেট্রিক টন পরিমাণ গম নিয়ে একটি বড় জাহাজ বহির্নোঙরে ভেড়ার পর আমদানিকারকেরা দ্রুত এই গম খালাস করে নিতে চান। বাজারে বিক্রীত পণ্য চালানের (ডিও) তুলনায় গমের পরিমাণ কম হতে পারে এই আশঙ্কা থেকে গমের ক্রেতাদের অনেকেই একসঙ্গে গমের সরবরাহ নিতে আসেন। এ সুযোগে ঘাটশ্রমিকেরা তাঁদের বকশিশের হার বাড়িয়ে দেন। প্রথম দিকে কিছু ব্যবসায়ী বেশি বকশিশ দিয়ে গম খালাস নিলেও পরে অন্যরা তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে নূরজাহান গ্রুপ তাদের সম্পূর্ণ গম স্থানীয় গুদামে তুলে সেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীকে সরবরাহ করার উদ্যোগ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘাটশ্রমিকেরা কাজ সম্পূর্ণ বন্ধ করে দেন।ঘাট এলাকায় পণ্য তদারকিতে নিয়োজিত নূরজাহান গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা মঞ্জুরুল হক খান অভিযোগ করেন, ‘আমরা ২৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নয় হাজার টন গম ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছি। কিন্তু এ সময় ঘাটশ্রমিকেরা ব্যবসায়ীদের কাছে দ্বিগুণ, তিনগুণ হারে বকশিশ দাবি করেন। এ নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কায় আমরা আমদানি করা গম সরাসরি গুদামে নেওয়ার পরিকল্পনা করি।’গুদামমালিকদের সংগঠন ‘চট্টগ্রাম ওয়্যারহাউস কনট্রাকটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ঘাটশ্রমিকদের বকশিশের নামে নীরব চাঁদাবাজি মেনে নেওয়া যায় না। ঘাটের ঠিকাদার আবুল কাশেম বলেন, ‘সমস্যার সমাধানে আমরা আমদানিকারক প্রতিষ্ঠান, গুদাম ও ট্রাকমালিকদের সঙ্গে বৈঠকে বসব।’