চট্টলা ট্রেনের দুই চালক ও পরিচালক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চট্টলা ট্রেনের দুই চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের গঠিত দুটি তদন্ত দলের দেওয়া প্রতিবেদনের আলোকে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ রেলওয়ের প্রধান কারিগরি প্রকৌশলী মো. শামসুজ্জামান আজ শুক্রবার গণমাধ্যম-কর্মীদের এই তথ্য নিশ্চিত করেন।সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—চট্টলা ট্রেনের চালক রফিক উদ্দিন, সহকারী চালক মো. মাঈন উদ্দিন ও পরিচালক ইসমাইল মিয়া। সূত্র জানায়, দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধাকে প্রধান করে একটি এবং ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিযোগাযোগ) বেনু রঞ্জন সরকারকে প্রধান করে অপর একটি কমিটি গঠন করা হয়। উভয় কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ওই তিন জনকে দায়ী করা হয়। প্রতিবেদনে বলা হয়, ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার পর চট্টলা ট্রেনের সহকারী চালক স্টেশন থেকে ফ্ল্যাক্সে করে চা কেনেন। ওই চা পান করার পর তাঁরা ধীরে ধীরে অচেতন হতে থাকেন। নরসিংদীর আগের স্টেশন আমিরগঞ্জ অতিক্রম করার পর তাঁরা পুরোপুরি অচেতন হয়ে পড়েন। এতে করে চালকের পক্ষে সংকেত মানা সম্ভব হয়নি। ফলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। কর্তৃপক্ষ জানায়, চালকেরা চা পান না করলে তাঁরা অচেতন হতেন না। মূলত চা পান করার কারণে ওই দুর্ঘটনা ঘটে। তাঁদের দায়িত্বহীন আচরণেই দুর্ঘটনাটি ঘটে। এ কারণেই ওই তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর বিকেলে নরসিংদীতে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলি ও ঢাকাগামী মেইল চট্টলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অফ লাইনে থাকা (দায়িত্বে না থাকা) একজন চালকসহ অন্তত ১৩ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫০ জন। দুর্ঘটনায় চট্টলা ট্রেনের একটি বগি মহানগর ট্রেনের ইঞ্জিনের ওপর উঠে যায়। এতে দুটি ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যায় এবং তিনটি বগি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।