নরসিংদীতে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় চট্টলার চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের গঠিত দুটি তদন্ত প্রতিবেদনের আলোকে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।যাঁরা সাময়িক বরখাস্ত হয়েছেন, তাঁরা হলেন চালক রফিক উদ্দিন, সহকারী চালক মো. মাঈন উদ্দিন ও পরিচালক ইসমাইল মিয়া।বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান গত শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানায়, দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধাকে প্রধান করে একটি এবং ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিযোগাযোগ) বেণু রঞ্জন সরকারকে প্রধান করে অপর একটি কমিটি গঠন করা হয়। উভয় কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ওই তিনজনকে দায়ী করা হয়। বলা হয়, চট্টলা ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করার পর সহকারী চালক স্টেশন থেকে ফ্ল্যাক্সে করে চা কেনেন। এই চা পানের পর তাঁরা ধীরে ধীরে অচেতন হতে থাকেন। নরসিংদীর আগের স্টেশন আমিরগঞ্জ অতিক্রমের পর তাঁরা পুরোপুরি অচেতন হয়ে পড়েন। এতে করে চালকের পক্ষে সংকেত মানা সম্ভব হয়নি। ফলে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। কর্তৃপক্ষের মনে হয়েছে, তাঁরা যদি চা পান না করতেন, তাহলে অচেতন হতেন না। মূলত চা পান করার কারণে এই দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ তাঁদের অদায়িত্বশীল আচরণ। এ কারণেই ওই তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।গত ৯ ডিসেম্বর বিকেলে নরসিংদীতে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলী ও ঢাকাগামী মেইল চট্টলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ অন্তত ১৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে দেড় শ।ক্ষয়ক্ষতি সাত কোটি ২২ লাখ টাকা: ওই দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ের সাত কোটি ২২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ইঞ্জিনের ক্ষতি পৌনে সাত কোটি টাকা। কোচ, সিগন্যাল, রেলপথসহ অন্যান্য ক্ষতি ৪৭ লাখ টাকার। রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই তথ্য জানান।