নরসিংদীতে দুর্ঘটনায় পড়া চট্টলা এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে খুব কম দিনই নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করতে ও গন্তব্যে পৌঁছাতে পেরেছে। ফলে রেলের এই সেবা যাত্রীদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন এই একজোড়া ট্রেন চালানোর কারণে এ রুটের অন্য ট্রেনের সূচিও মানা যাচ্ছে না বলে রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।রেলওয়ে সূত্র জানায়, গত ১ নভেম্বর থেকে চট্টলা এক্সপ্রেস চালু হয়। শুরুতে ট্রেনটি যাত্রীদের কিছুটা আকৃষ্ট করতে পেরেছিল। যদিও ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন ৭২২টি আসনের বিপরীতে ট্রেনটির টিকিট বিক্রি হয়েছে ৮০ শতাংশের মতো। সম্প্রতি যাত্রীসংখ্যা আরও কমেছে বলে জানিয়েছে রেলের সংশ্লিষ্ট সূত্র।তবে রেলের মহাপরিচালক (ডিজি) তৌহিদুল আনোয়ার চৌধুরী দাবি করেছেন, নরসিংদীতে দুর্ঘটনার দিন চট্টলার যাত্রা বিলম্বিত ছিল। অন্যান্য দিনে নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করেছে ও গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি।রেলওয়ের নথিপত্র থেকে জানা গেছে, নভেম্বর মাসে চট্টলা এক্সপ্রেস গড়ে প্রতিদিন চট্টগ্রাম স্টেশনে দুই ঘণ্টা ৪০ মিনিট এবং ঢাকা স্টেশনে দুই ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে পৌঁছেছে। ডিসেম্বরে এই ট্রেনটির গতি আরও কমে যায়। ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন এটি তিন ঘণ্টা দেরিতে ঢাকায় এবং তিন ঘণ্টা ৫০ মিনিট দেরিতে চট্টগ্রামে পৌঁছায়।প্রতিদিন সকাল নয়টা ২৫ মিনিটে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকায় এবং সকাল নয়টা ১০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা। আর যথাক্রমে বিকেল চারটায় ঢাকা এবং চারটা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর কথা।গতকাল শনিবার চট্টগ্রাম স্টেশনের টিকিট কিনতে আসা যাত্রী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘চট্টলা এক্সপ্রেস আমাদের কাছে নতুন চমক মনে হয়েছিল। মহানগর প্রভাতী, গোধূলি, তূর্ণা বা পাহাড়িকা এক্সপ্রেসের মতো সেবা পাব বলে মনে করেছিলাম। কিন্তু যতবারই চলাচল করেছি, এটি কখনো নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছাতে পারেনি।’নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ২ ও ৩ নভেম্বর চট্টলা এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রী ছিল যথাক্রমে ২৭৩ ও ৬৯৯ জন। একইভাবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রী ছিল যথাক্রমে ৫৯৪ ও ৩৬৭ জন। ঢাকাগামী ট্রেনে ৭ ও ৮ ডিসেম্বর যাত্রী ছিল যথাক্রমে ২৮৭ ও ৩৫৩ জন।সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ট্রেন চালুর আগে মাঠপর্যায় থেকে প্রতিবেদন নেওয়ার নিয়ম আছে। কিন্তু চট্টলা চালুর আগে এ ধরনের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ আছে। তবে ট্রেনটি চালু করার ব্যাপারে রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীর বিশেষ উদ্যোগ ছিল।রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, ‘মহাপরিচালকের উদ্যোগে চট্টলা চালু হয়। কিন্তু নতুন ইঞ্জিন ও কোচ আমদানি না করে এই ট্রেন চালু করার কারণে রেলের সূচি ভেঙে গেছে। আর লোকো মাস্টাররাও বিশ্রাম পাচ্ছেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। রেলের লোকজনের কাছে এটি “ডিজি এক্সপ্রেস” নামে পরিচিত।’চট্টলা এক্সপ্রেসকে রেলের কর্মীদের ‘ডিজি এক্সপ্রেস’ নামে অভিহিত করা প্রসঙ্গে তৌহিদুল আনোয়ার বলেন, ‘আমি নই, চট্টলা চালু করেছে সরকার।’রেলওয়ে সূত্র জানায়, ঢাকা মেইল নামের আরেক জোড়া ট্রেন ব্রিটিশ আমল থেকে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচল করে আসছে। এর সময়সূচি নিয়ে দীর্ঘ সময়ে তেমন অভিযোগ ছিল না। কিন্তু গত ১ নভেম্বর চট্টলা চালুর পর এটিরও সময়সূচি আর ঠিক থাকছে না। এই ট্রেনেরও যাত্রীসংখ্যা কমে গেছে। রেলের নথিপত্রে দেখা যায়, ১ নভেম্বর থেকে গড়ে প্রতিদিন মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে তিন ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে যাত্রা শুরু করেছে ও গন্তব্যে পৌঁছেছে। ঢাকার দিক থেকেও দুই ঘণ্টা ১৫ মিনিট দেরিতে যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছায় মেইল ট্রেনটি। অন্য মহানগর এক্সপ্রেসের সূচিও ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় রেল কর্তৃপক্ষকে। আবার কনটেইনার বহনের জন্য যেখানে ১৫-১৬টি ইঞ্জিনের দরকার, চট্টলা চালু করার কারণে তা কমে ১২-১৩টিতে নেমে এসেছে। এতে পণ্য পরিবহনও কমে গেছে। অথচ কনটেইনার পরিবহন রেলওয়ে উল্লেখযোগ্য আয়ের ক্ষেত্র।রেল সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেস চালুর পর কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী কমতে থাকে। একটি বেসরকারি প্রতিষ্ঠান ইজারা নিয়ে কর্ণফুলী পরিচালনা করে আসছিল। যাত্রী ও আয় কমে যাওয়ায় রেলের কাছে প্রতিষ্ঠানটির বকেয়া বাড়তে থাকে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সঙ্গে ইজারা চুক্তিও বাতিল করে।রেলের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চালকসহ লোকবল, ইঞ্জিন, বগি-সংকটের মধ্যে চট্টলা এক্সপ্রেস চালুর কারণে রেলের চালকদের বিশ্রাম নেওয়ার সুযোগ কমে গেছে। নিয়ম অনুযায়ী একবার চালানোর পর আট থেকে ১২ ঘণ্টা একজন চালকের বিশ্রাম নেওয়ার কথা। কিন্তু চালক কম বলে তাঁদের টানা দায়িত্ব পালন করতে হয়। এ কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে এই পদে নিয়োগ বন্ধ থাকায় নতুন চালকও তৈরি হচ্ছে না রেলে। পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ চালকদের অবসরে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া তো আছেই। ফলে সংকটে পড়ছে গোটা রেলওয়ে।