চণ্ডীপুরের তরল পুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদর্শ খাদ্য হিসেবে বিশ্বের সব দেশেই দুধের চাহিদা ব্যাপক। ডাল-ভাতের জোগান নিশ্চিত করার পর যখন আরেকটু ভালো খাবারের কথা ভাবা হয়, অনেকেই তখন দুধের দিকে হাত বাড়ায়। শিশু, তরুণ, বৃদ্ধ—সবার পুষ্টির জন্য প্রথমে দুধের কথাই ভাবা হয়। কিন্তু খাঁটি দুধ পাওয়া আজকাল সহজসাধ্য নয়। বিশেষ করে নগরজীবনে। সে ক্ষেত্রে বেশির ভাগ নগরবাসী বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাত দুধের ওপর নির্ভর করে থাকে। এ কারণে এসব প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হয় হাজার হাজার কেজি দুধের। তাদের এই বিপুল চাহিদার কিছুটা হলেও পূরণ করছে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট গ্রাম চণ্ডীপুর।দুধ সরবরাহে ওই গ্রামের ৫০টি পরিবারে উন্নত জাতের গরু পালন করা হচ্ছে। প্রতিদিন তারা বিক্রি করছে প্রায় এক হাজার ২০০ কেজি দুধ। অনেকে এই দুধ থেকে ননী তুলে ঘি ও মিষ্টি বানানোর ছানা তৈরি করছে। শহরে মিষ্টির দোকানে এসব ঘি ও ছানা দিয়ে মোটা অঙ্কের টাকা আয় করছে তারা। গরুর গোবর থেকে উত্পাদিত জ্বালানি থেকেও বেশ আয় হচ্ছে। এভাবে চণ্ডীপুরের দুধব্যবসায়ীরা এখন স্বাবলম্বী ও সচ্ছল। দুধ বিক্রির টাকায় অনেকের বাড়িতে দালানও উঠেছে। দুধের মহিমায় চণ্ডীপুর পরিচিতি পেয়েছে ‘দুধগ্রাম’ বলে।বকনা দিয়ে শুরু: চণ্ডীপুরের পরিতোষ ঘোষের (৬০) দাবি, গ্রামে দুধ আহরণে গাভি পালনের উদ্যোক্তা তিনি। পরিতোষ বলেন, ‘২৫ বছর আগে খুলনাত্তে তিন হাজার টাকা দিয়ে একটা উন্নত জাতের বকনা বাছুর কিনে আনি। এক বছর পরেই ওই গরু একটা বকনা বাচ্চা দে। পত্যেক দিন গরুটা ১৪-১৫ সের দুধ দিত। তখন গ্রামে দুধ বেচার কোনো সুযোগ ছিল না। পত্যেক দিন ভোরে গরুর খাবার জুগাড় করে তারপরে গরু দুয়ে ওই দুধির কলস একটা সাইকেলে বান্দে ২৭ মাইল রাস্তা চালায়ে খুলনা শহরের মিষ্টির দুকানে দুকানে নিয়ে তা বেচতাম। আবার ২৭ মাইল চালায়ে বাড়ি ফিরতি ফিরতি রাত হয়ে যাতো। তহন দুধ চার-পাঁচ টাকা সের দরে বিক্রি হতো। ৬০-৭০ টাকা আয় হতো। সেইনতে শুরু। আস্তে আস্তে আরও গরু কিনে ব্যবসা বাড়াতি থাকি। আমারে দেহে গ্রামের অসিত ঘোষ (৫৫), অরবিন্দু ঘোষ (৫০), আদিত্য ঘোষ (৫৫), প্রহ্লাদ ঘোষসহ (৫২) অনেকেই উন্নত জাতের গরু পুষতি শুরু করে। তাদের লাভবান হতে দেহে পরে গ্রামের সবাই গরু পালতি শুরু করেছে।’দুধ বিক্রির জন্য গ্রামের ৫০ পরিবারের সদস্যদের এখন আর হন্যে হয়ে ঘুরতে হয় না। দুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা সেখানে সমিতি করে এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৬০০ কেজি করে দুধ নিয়ে যাচ্ছে। ব্র্যাক নিচ্ছে ১৫০ কেজি দুধ। গ্রামের কিছু যুবক ৩০০-৪০০ কেজি দুধ বাসে করে খুলনা ও সাতক্ষীরায় নিয়ে বিক্রি করছেন। গরুর গোবর থেকে তৈরি প্রতিটি বড়ে (জ্বালানি) এক টাকা ২০ পয়সা দরে বিক্রি করে গ্রামের গৃহবধূরা বাড়তি আয় করছেন।গরুর খামারিরা জানান, একটি দুধেল গাভির পেছনে প্রতিদিন গমের ভুসি, মুগের ভুসি, খুদের ভাত, ধানের কুঁড়া, খৈল, কুটা, ওষুধ, মজুরি মিলিয়ে ১২০-১৩০ টাকা খরচ হয়। খামারে একসঙ্গে কয়েকটি গরু থাকলে খরচ কম হয়।দুধগ্রামে একদিন: সম্প্রতি এক সকালে চণ্ডীপুর গ্রামে গেলে অন্য দশটি গ্রামের সঙ্গে এর তফাত নজরে পড়ে। বোঝা যায়, আশপাশের গ্রামের মানুষের চেয়ে এই গ্রামের মানুষ তুলনামূলকভাবে সচ্ছল। গ্রামের বেশির ভাগ গোয়াল পাকা। এসব গোয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তোলার ব্যবস্থা রয়েছে। গোয়ালগুলোতে পাঁচ থেকে ৩০টি পর্যন্ত গরু রয়েছে। বেশির ভাগই গাভি। গ্রামের মানুষ গরুর যত্নও করে বেশ। নারী-পুরুষ মিলে নিজ নিজ বাড়ির গোয়ালে বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ গরুর দুধ দোহাচ্ছে, কেউ গরুর গা ধোয়াচ্ছে, কেউ গরুকে খাবার দিচ্ছে, কেউ বা গোয়াল পরিষ্কারে ব্যস্ত।রাস্তার পাশে এক বাড়িতে ঢুকে বড়সড় পাকা গোয়াল দেখা গেল। সেখানে উন্নত জাতের বিদেশি বেশ কয়েকটি নানা বয়সী গরু। বাড়িতে দোতলা দালান। মালিক আদিত্য ঘোষ (৫৫) বলেন, ‘ষোলোডা গরুর মদ্দি আটটায় এহন ৬৫-৭০ কেজি দুধ দেচ্ছে। ছেলের মা আর আমি সব সময় ওগে পাছে লাগে রইছি। ছেলে কৌশিক চুকনগর কলেজে পড়ে। সেও মাঝে মাঝে আমাগে সাথে কাজ করে। গরু পুষেই তো ছেলেপেলে লিখাপড়া শিখোচ্ছি। জমিতি যে সার লাগে তাও পাচ্ছি, রান্নার জন্যি কাঠ কিনতি হচ্ছে না। তালি বুঝে দেহো, কিরাম আছি।’আদিত্যর ভাই পরিমল ঘোষ বলেন, ‘আমাগে অ্যাহানে দুধির দাম তো কম, তাই গরুর খাবার খরচ ও আমাগে সংসার খরচটা চলে যায়। বছরে সাত-আটটা বাছুর বেচি দুই লাখ টাহায়, তাই যা লাভ।’গ্রামের যুবক খুলনা বিএল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্সের ছাত্র অজয় ঘোষ বলেন, ‘একসময় ভিটেবাড়ি ছাড়া আমাদের কিছুই ছিল না। টাকার অভাবে আমার ঠাকুরদার চিকিত্সা হয়নি। বাবা ১৯৯৬ সালে পাঁচরোকি গ্রাম থেকে ১২ হাজার ৮০০ টাকায় একটা উন্নত জাতের বকনা বাছুর কিনে পুষতে শুরু করেন। দেড় বছর পর এটি বাছুর দেয়। তারপর এটি নয় কেজি করে দুধ দিতে থাকে। উন্নতির ছোঁয়া লাগল এতে। তারপর একে একে গরুতে আমাদের গোয়াল ভরে গেল।’কিছু সমস্যা: চণ্ডীপুর প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক সুবীর ঘোষ বলেন, ‘দুধ বিক্রিতে আমাগে গ্রামের কারও কোনো সমস্যা নেই। মিল্ক ভিটা সমিতির মাধ্যমে আমি দুধ নিয়ে সাতক্ষীরায় পৌঁছে দি। সমিতি বোনাস দে, ঠিকমতো দামও দে। সমিতির ডাক্তার দিয়ে গরু-বাছুর চিকিত্সা করায়ে দে। সমিতির কেউ সমস্যায় পড়লি আমরা তারে ঋণ দিয়ে থাকি। তবে ডুমুরের সরকারি কোনো ডাক্তার আমাগে খোঁজখবর নে না।’ডুমুরিয়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘আমাদের চুকনগর শাখা অফিস থেকে এসব গরুর ভ্যাকসিন দেওয়া হয়। কেউ এসে সমস্যা জানালে তখন সহায়তা দেওয়া হয়।’অন্যতম দুধ উত্পাদনকারী মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, আশির দশকের পর থেকে এই গ্রামের প্রতিটি মানুষ উন্নত জাতের গরু পুষে দুধ উত্পাদন করে স্বাবলম্বী হয়েছে। কম সুদে তাদের জন্য ব্যাংকের ঋণের ব্যবস্থা করা গেলে সেখানে আরও উন্নতি হবে।