পিলখানা হত্যা মামলার চার নম্বর সাক্ষী কর্নেল শামসুল আলম চৌধুরীকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। এদিকে আইনজীবীর উদ্দেশে কাঠগড়া থেকে এক আসামির ছোড়া চিরকুট নিয়ে হট্টগোল হয়েছে।পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এই মামলার বিচার কার্যক্রম চলছে। গতকাল সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলে। পরে আদালতের কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।এ আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক ছুটিতে থাকায় তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান ভারপ্রাপ্ত বিচারক হিসেবে আদালত পরিচালনা করেন।মামলার চতুর্থ সাক্ষী কর্নেল শামসুল আলম চৌধুরীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরায় এক আসামির আইনজীবী বলেন, আপনি ও আপনার ব্যাটালিয়নের নেতৃত্বে বিডিআর বিদ্রোহ হয়েছে। এ কারণে ৪৪ রাইফেল ব্যাটালিয়নের কোনো কর্মকর্তা মারা যাননি। সিপাহি মাঈনও আপনাদের সৃষ্টি। বিদ্রোহের সময় আপনি আটক থাকলেও কেউ আপনাদের হত্যা করেনি। পরে আপনি ভালো পোস্টিং পেয়েছেন। এসব কী সঠিক? সাক্ষী জবাব দেওয়ার আগেই কাঠগড়া থেকে আসামিরা বলেন, সঠিক, সঠিক।জেরার একপর্যায়ে শামসুল আলম একজন আইনজীবীর উদ্দেশে বলেন, আপনাকে এসব অভিযোগ প্রমাণ করতে হবে। এ সময় ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান বলেন, আইনজীবী আপনাকে প্রশ্ন করতে পারেন। জবাবে সাক্ষী বলেন, আইনজীবীর বক্তব্য সঠিক নয়।জেরার একপর্যায়ে কাঠগড়া থেকে এক আসামি তাঁর আইনজীবীর উদ্দেশে একটি চিরকুট ছুড়ে মারেন। আদালতে উপস্থিত গোয়েন্দা সংস্থার একজন সদস্য চিরকুটটি কুড়িয়ে পড়ার পর আইনজীবীকে দেন। গোয়েন্দা সদস্য চিরকুট পড়ায় আসামিরা হট্টগোল শুরু করেন। তাঁরা ওই গোয়েন্দা সদস্যকে আদালত থেকে চলে যাওয়ার দাবি জানান।আদালত সূত্র জানায়, ভারপ্রাপ্ত বিচারক হট্টগোলের বিষয়টি জানতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজলকে আসামিদের সঙ্গে কথা বলতে পাঠান। আসামিরা তাঁকে বলেন, কারাগারে তাঁরা গোসলের পানি পান না। খাওয়ার পানিও দিনে চার লিটার পাওয়া যায় না। ২৪ ঘণ্টা ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। চিরকুটে তাঁরা এসব বিষয়ে কিছু কথা লিখেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আসামিদের আশ্বস্ত করেন। এরপর কাঠগড়ায় থাকা জওয়ানরা নমনীয় হন।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা ভারপ্রাপ্ত বিচারকের কাছে জানতে চান, এটি উন্মুক্ত আদালত, না বিশেষ আদালত? তাঁরা বলেন, আদালতে বিভিন্ন সংস্থার সদস্য ও বেসামরিক পোশাকে সামরিক বাহিনীর লোকজন আনাগোনা করেন।আখতারুজ্জামান এ সময় বলেন, আসামিপক্ষের আইনজীবীদের কাজকর্মে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করা হবে।