চতুর্থদিনের মতো চলছে নৌযান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট আজ মঙ্গলবার চতুর্থদিনের মতো অব্যাহত রয়েছে। ধর্মঘটের মধ্যে আজও বিক্ষিপ্তভাবে নৌযান চলাচল করছে। তবে নিরাপত্তাহীনতার শঙ্কায় যাত্রীর সংখ্যা অনেক কম বলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে। বিআইডব্লিউটিএর কয়েক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, নৌযান ধর্মঘটে বিক্ষিপ্তভাবে কিছু নৌযান চলাচল করলেও সার্বিক কর্মকাণ্ডে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আজ বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে ছাড়া ১১টি লঞ্চ ঢাকার সদরঘাটে এসে পৌঁছেছে। ঢাকা ছেড়েছে সাতটি লঞ্চ। গতকাল নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করার পর আজ মঙ্গলবার নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে নৌযান ধর্মঘটের পক্ষে কোনো ধরনের তত্পরতা চোখে পড়েনি। তবে নৌযান ধর্মঘটবিরোধী জাহাজ শ্রমিক লীগের নেতা-কর্মীদের ব্যাপক তত্পরতা দেখা যায়। তাঁরা বলেছেন, এই অবৈধ নৌযান ধর্মঘটকে ব্যবহার করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে জন্য তাঁরা পাহারায় রয়েছেন। নৌযান ধর্মঘটে ক্ষতিগ্রস্ত লঞ্চ মালিকদের আরও একটি সংগঠন কার্গো লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বেলায়েত হোসেন জানিয়েছেন, এই ধর্মঘট প্রত্যাহার করানোর লক্ষ্যে তাঁরা আজ রাতে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছেন। এই ধর্মঘটে কার্গো লঞ্চ মালিকেরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। বেলায়েত হোসেন আরও জানান, বৈঠকটি আয়োজনের ব্যাপারে তাঁর সঙ্গে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। আশিকুল আলম জানিয়েছেন, ফেডারেশনের অন্য নেতাদের সঙ্গে আলাপ করেই তিনি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। নৌযান ধর্মঘটের ব্যাপারে কথা বলার জন্য প্রথম আলোর তরফ থেকে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি চট্টগ্রাম বন্দরের একটি নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছেন। তিনি ঢাকা ফিরেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।