চতুর্থবারও বেঁচে গেলেন ইয়েমেনের মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসির আহমাদ আজ মঙ্গলবার এক হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে হামলায় তাঁর অন্তত সাতজন দেহরক্ষী মারা গেছেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, রাজধানী সানায় সরকারি দপ্তরের কাছে নাসির আহমাদের ওপর বোমা হামলা চালানো হয়। মন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় পথের পাশে পার্ক করা একটি গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে। ইয়েমেনের সামরিক বাহিনীর হামলায় আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা সাঈদ আল-শিহরি নিহত হওয়ার এক দিন পর এ হামলার ঘটনা ঘটল। একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘হামলায় একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এতে থাকা সেনারা নিহত হন। কিন্তু মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ সেটি যথেষ্ট সুরক্ষিত।’সরকারি কর্মকর্তারা বলছেন, গত ডিসেম্বরে সরকার গঠিত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার জন্য এটি চতুর্থ চেষ্টা।হামলার জন্য এখনো কোনো দল বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আল-কায়েদার ইয়েমেন শাখা এ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি অভিযোগ করে আসছে, প্রতিরক্ষামন্ত্রী তাদের ইয়েমেন থেকে তাড়াতে চাইছেন।