চতুর্থবারের মতো পেছাল খালেদার বাড়ি নিয়ে রিটের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে। ১৮ মার্চ এ শুনানি অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবী আফজাল এইচ খানের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এদিন নির্ধারণ করেন।আদালতে সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা। তাঁরা সময় বাড়ানোর আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত ১৮ মার্চ শুনানির দিন ধার্য করেন। সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান বলেন, শেষবারের মতো সময় দিয়ে আদালত ১৮ মার্চ শুনানির দিন ধার্য করেন। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট দায়ের করলে গত ২৭ মে একটি দ্বৈত বেঞ্চ ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুলটি জারি করেন।