চন্ডুখোরদের উত্পাত
ঢাকায় চন্ডুখোরের দল দিন দিন বেড়েই চলেছে। মাদকের এমন বিস্তার ঢাকায় আগে এত দেখা যায়নি। পূর্বে ধাঙর, চামার, ধোপাদের আখড়ায় তাড়ি অথবা ধেনো মদের সঙ্গে এর কিছুটা প্রচলন ছিল। ক্রমে চন্ডু সেবন বেড়েছে। হালে এই নেশাসক্তদের দল নয়ানীটোলার দিঘিপাড়ে, নয়াটোলার চামারপট্টিতে আর দক্ষিণ দুয়ারের মন্দিরসংলগ্ন পাকুড়তলায় বিরাট আড্ডা বসিয়েছে। তাড়ি ও ধেনো মদের সঙ্গে চন্ডুর নেশায় চুর হয়ে খঞ্জনি-ঢোল বাজিয়ে নৃত্য করে ক্লান্ত হয়ে যেখানে-সেখানে এরা পড়ে থাকে। কখনো কখনো পথচারীদের তাড়া করে।চন্ডুখোরদের আখড়ায় এখন ভিড় জমাচ্ছে তাঁতি, জেলে, কামার, কুমোরের অল্পবয়সী মর্দরা। কাজে-কর্মে এদের গা নেই। দিনে-দুপুরে চন্ডুর নেশায় বুঁদ কর্মক্ষম যুবকদের নিয়ে গৃহস্থের ঘরে তাই উদ্বেগ বেড়েই যাচ্ছে। এদিকে নেশার পয়সা জোগাড় করতে পারছে না যারা, পাড়া-মহল্লায় তাদের দ্বারা চুরির ঘটনাও বেড়ে গেছে। নগরীর এই নতুন ব্যাধি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। কিন্তু শহরের বিশিষ্টজনেরা বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো দরবার করেননি। ঢাকাকে রাজধানী ঘোষণা করায় শহরবাসীর চিত্তে যে আনন্দের বন্যা বইছে, আমোদ-ফুর্তির ফুলকি ছুটেছে, তাতে শামিল হয়ে চন্ডুখোরদেরও উত্পাতের মাত্রা ছাড়িয়েছে। কর্তৃপক্ষ ও বিশিষ্টজনেরা যদি এ ব্যাপারে এখনই পদক্ষেপ না নেন, যুবসমাজের পতন অনিবার্য হয়ে উঠবে বলে মনে করছেন সমঝদারেরা। একই সঙ্গে এই চন্ডুখোরদের দৌরাত্ম্য ভবিষ্যতে রাজধানী হিসেবে ঢাকার মর্যাদা প্রতিষ্ঠায় কলঙ্কচিহ্ন হিসেবে দেখা দেবে বলেও তাঁদের ধারণা।