চন্দনা এখন গানের পাখি
গায়ক পাখি হিসেবে খুব একটা খ্যাতি নেই চন্দনার। তবে এক চন্দনার গানে এখন মেতে আছে পুরো শ্রীলঙ্কা। লিকলিকে সেই লেগ স্পিনারটির কথা মনে আছে? দুর্দান্ত ফিল্ডিং করতেন, লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও মন্দ ছিল না। হ্যাঁ, উপুল চন্দনা, এই মুহূর্তে শ্রীলঙ্কার জনপ্রিয় গায়কদের একজন! বিশ্বকাপের ঠিক আগে আগে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন চন্দনা। নাম ‘থানা নিলিনা এন্না’, বাংলায় ‘মাঠে এসো।’ অ্যালবামে এই শিরোনামে একটি গান আছে ক্রিকেট নিয়ে। অ্যালবামটা উৎসর্গ করা হয়েছে ক্রিকেটকে। এ জন্যই প্রকাশের সময় হিসেবে বিশ্বকাপকে বেছে নেওয়া হয়েছে। প্রথম অ্যালবামেই ব্যাপক সাফল্য অবাক করেছে স্বয়ং চন্দনাকেও, ‘প্রচণ্ড নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম শ্রোতা টানতে পারব কি না। এর আগে শ্রীলঙ্কার কোনো ক্রিকেটার এমন কিছু করেনি। আড়াই বছর ধরে আমি অ্যালবামটির পেছনে লেগে ছিলাম। শেষ পর্যন্ত সবাই খুব ভালোভাবে নিয়েছে। এখন শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতলে এই সাফল্য পরিপূর্ণতা পাবে।’হিট হওয়ার সব রসদই অবশ্য অ্যালবামে ছিল। এমনিতেই সাবেক ক্রিকেটারের অ্যালবাম, তাঁর ওপর আবার মিউজিক ভিডিওতে আছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে-মুরালিধরন-দিলশানদের মতো শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। আছেন ভবিষ্যৎ তারকারাও। হাশান তিলকারত্নে, কুমার ধর্মসেনা, রাসেল আরনল্ড আর চন্দনার ছেলেরও ছোট্ট উপস্থিতি আছে ভিডিওতে। নিজে যেচেই বললেন, অ্যালবাম হিট হয়েছে যতটা না তাঁর গায়কির গুণে, তার চেয়ে অনেক বেশি এসব কারণে!প্রথম অ্যালবামের সাফল্যে সাহস পেয়ে গেছেন। এখন তাঁর ইচ্ছে, আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেট নিয়ে পরিপূর্ণ এক অ্যালবাম বের করার। যেটিতে আরও অনেক বর্তমান-সাবেক ক্রিকেটারের অংশগ্রহণ থাকবে। ইতিমধ্যে চামিন্ডা ভাস, ধাম্মিকা প্রসাদের সঙ্গে টুকটাক কাজও করেছেন। এর আগেই একটি অ্যালবাম বের করতে চান, যাতে থাকবে শুধুই প্রেমের গান! তবে নিজেকে গায়ক মানতে দারুণ আপত্তি তাঁর। গান গাওয়া শুধুই মনের ক্ষুধা মেটাতে, ‘ছোটবেলা থেকেই গান খুব ভালো লাগত। প্রচুর গান শুনতাম, এখনো শুনি। ভাবলাম গাইলে ক্ষতি কী? কিন্তু একদম পেশাদার গায়ক কখনো হতে পারব না, চাই-ও না।’গানে যেমন সহজে সাফল্য পেলেন, ক্রিকেটে ছিল ঠিক এর উল্টো। ক্যারিয়ার তাঁর আক্ষেপের গল্প, মুত্তিয়া মুরালিধরনের সময়ে জন্মালে যা হয় আর কী! মাত্র ১৬ টেস্টের ক্যারিয়ার। ব্যাটিং ও ফিল্ডিংটা ছিল বলে ১৪৭ ওয়ানডে খেলতে পেরেছেন। ১৫১ উইকেট, ৫ ফিফটিতে ১৬২৭ রান। সম্ভাবনা যে দরুণ ছিল, এটা প্রমাণ করেছেন ২০০৪ সালের অস্ট্রেলিয়া সফরে। মুরালির অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছিলেন, ভূয়সী প্রশংসা পেয়েছিলেন রিচি বেনোর। জানালেন, তাঁর হূদয়ে একটা আলাদা জায়গা জুড়ে আছে ঢাকা। এখানেই টেস্ট অভিষেক (১৯৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল), নিয়েছিলেন ৬ উইকেট। ২০০৭ সালে আইসিএলে যোগ দেওয়ার পর শেষ হয় আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রথম শ্রেণীর ক্রিকেট ছেড়েছেন ২০০৯ সালে। ওই বছরই শুরু করেছেন ক্রীড়াসামগ্রীর ব্যবসা। কলম্বোর হাই লেভেল রোডে চমৎকার সাজানো-গোছানো তাঁর শো-রুম ‘চন্দনা স্পোর্টস।’ রানাতুঙ্গা, আতাপাত্তু, তিলকারত্নে, ভাস, মাহারুফরা উদ্বোধন করেছেন শো-রুম। ব্যবসা চলছে দারুণ। এখন আবার তিনি শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ। গান তো আছেই। লেগ স্পিনার-ব্যাটসম্যান-ফিল্ডার চন্দনা এখন ব্যবসায়ী-কোচ-গায়ক। বয়স মাত্রই ৩৮, ভবিষ্যতে তাঁকে নতুন কোনো পরিচয়ে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না!