চন্দনাইশে অলিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদকে তাঁর নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।অলি আহমদকে প্রতিহিংসাপরায়ণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি বারবার নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এর আগে তিনি খালেদা জিয়া সম্পর্কেও কটূক্তি করেছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের নেতা আফসার উদ্দিন আহমেদ বলেছেন, ‘অলি আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারী সাংসদ চেমন আরা তৈয়ব সম্পর্কে করা কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাঁকে চন্দনাইশে নামতে দেওয়া হবে না।’আফসার উদ্দিন আহমেদ আরও বলেন, ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অলি আহমদ ও তাঁর বাহিনীর অত্যাচার মানুষ ভুলে যায়নি। অলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন চন্দনাইশের হাজার হাজার বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হয়।চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, অলি আহমদ অতীতেও বিভিন্ন সময়ে খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিলেন। বিএনপি মেনে নিলেও আওয়ামী লীগ তাঁকে ছাড় দেবে না—তাঁকে ক্ষমা চাইতে হবে।আদালত চত্বরের ঘটনা প্রসঙ্গে বক্তারা বলেন, এই ঘটনা ঘটিয়ে মিডিয়ায় নানা ধরনের কথা বলে অলি আবার রাজনীতিতে নিজের অবস্থান পাকা করার চেষ্টা করছেন। জনগণ এসবের জবাব দেবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান প্রমুখ।