চন্দনাইশে পাল্টাপাল্টি মামলা, শেষ হলো ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ পৌর এলাকায় আজ শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়। বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ওপর হামলার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন এ ব্যবস্থা নেয়। এদিকে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি থানায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনাইশ পৌরসভা এলাকার দুই কিলোমিটারের মধ্যে এলডিপি ও যুবলীগ আজ পৃথক সমাবেশের ডাক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এলডিপি কলেজ গেট এলাকায় ও যুবলীগ একই এলাকার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ ডেকেছিল। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিদুল আলম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কর্নেল অলিসহ এলডিপির মোট ৪১ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলা করেন চন্দনাইশের ব্যবসায়ী আফতাব মাহমুদ শিমুল এবং অপর মামলার বাদী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের নেতা এম ওয়াহিদুজ্জামান চৌধুরী। এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদ বাদী হয়ে যুবলীগের ২০ জনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন।নারী সাংসদকে কটাক্ষ করে বক্তব্য রাখার অভিযোগে চন্দনাইশের আওয়ামী লীগ-সমর্থক ব্যবসায়ী আফতাব মাহমুদ শিমুল কর্নেল অলির বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন। ওই মামলায় জামিন নিতে এলে গতকাল দুপুরে অলি সমর্থক ও যুবলীগের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়।