চন্দনের লাশ পাবে ঢাকা মেডিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের লাশ নিয়ে দুই ধর্মের দুই স্ত্রীর দাবির বিষয়টি আজ মঙ্গলবার আদালতে মীমাংসা হয়েছে। তাঁর লাশ প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী বা দ্বিতীয় স্ত্রী আকলিমা কাউকেই দেওয়া হয়নি। চিকিত্সাবিজ্ঞানের কাজে লাগানোর জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়ার আদেশ হয়েছে।আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন।শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী গত বছরের ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। এরপর এ ঘটনায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে মর্মে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেটি খিলগাঁও থানা পুলিশ তদন্ত করছে। পরে ২৭ ডিসেম্বর চন্দনের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা করেন, যা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। চন্দনের মৃত্যুর খবর পেয়ে উচ্চ শিক্ষার্থে ভারতে থাকা তিথি চক্রবর্তী এসে স্বামীর লাশ দাবি করেন। কিন্তু এর আগেই আকলিমা লাশ দাবি করেন। এ নিয়ে দুজনই আদালতের দ্বারস্থ হন। দুই স্ত্রীই নিজ নিজ ধর্মমতে স্বামীর শেষকৃত্য করার দাবিতে আবেদন করেন। বিষয়টি এত দিন মীমাংসা না হওয়ায় চন্দনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়।