চন্দ্রায় গ্যাসপাইপে আগুন, মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসপাইপে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে জয়দেবপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তিতাসের ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন আছে। ওই পাইপলাইনে হঠাত্ বিকট শব্দে আগুন ধরে যায়। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে থাকায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় যানজট চরমে উঠেছে। কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেছেন, যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।