চন্দ্রিমা থেকে ইউডার ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে আজ বুধবার সকালে শামীম হাসান নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীম (২২) রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ফার্মেসি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।আজ সকালে চন্দ্রিমা উদ্যানের গণশৌচাগারের পূর্ব পাশ থেকে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুল হক ওই ছাত্রের লাশ উদ্ধার করেন। তাঁর কণ্ঠনালী কাটা ছিল। এ ছাড়া তাঁর মাথা, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের বড় ও গভীর ক্ষতচিহ্ন রয়েছে।পুলিশ জানায়, আজ সকালে অজ্ঞাত হিসেবে তাঁর লাশ উদ্ধার হয়। এরপর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন খালাতো ভাই মাজহারুল ইসলাম ও কয়েকজন সহপাঠী।মাজহারুল ইসলাম বলেন, শামীম শেখেরটেকের প্রবাল হাউজিংয়ে ইউডার ছাত্রাবাসে থাকতেন। কাল মঙ্গলবার বিকেলে তিনি হোস্টেল থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, শমীমের মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তবে তাঁর মানিব্যাগটি পাওয়া গেছে।