চবি শিক্ষক সমিতির নির্বাচনে আ.লীগপন্থী হলুদ প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদেই আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের ‘হলুদ প্যানেল’ জয়লাভ করেছে। আর বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা প্যানেল সদস্য পদে মাত্র একটি পদে জিতেছে।আজ বুধবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আফসার আলী ফলাফল ঘোষণা করেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ৫৩৮ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত দুই বছরের নিয়োগ পাওয়া ৭০ জন শিক্ষকই এবারের নির্বাচনে জয়-পরাজয়ে মুখ্য ভূমিকা রেখেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সমিতির সভাপতি পদে জয়লাভ করেছেন হলুদ প্যানেলের মো. রহুল আমিন, সহসভাপতি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শফিউল আলম, কোষাধ্যক্ষ হিসাববিজ্ঞান বিভাগের আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের মো. সেকান্দর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদার্থবিদ্যার আসাদুল হক। ছয়জন সদস্য পদের মধ্যে হলুদ প্যানেলর পাঁচজন বিজয়ী হলেন ইতিহাস বিভাগের মো. আনোয়ারুল ইসলাম, আইন বিভাগের আবদুল্লাহ আল ফারুক, অণুজীববিদ্যার মো. আবুল মনছুর, ইংরেজি বিভাগের কামাল উদ্দিন আহমেদ ও মার্কেটিং বিভাগের সালামত উল্লাহ ভূঁইয়া। সাদা দলের বিজয়ী হচ্ছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের আতিয়ার রহমান। নির্বাচনে সর্বোচ্চ ৩০০ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী।নির্বাচিত সভাপতি মো. রহুল আমিন প্রথম আলোকে জানান, ‘শিক্ষক সমাজের কল্যাণে আমাদের অবস্থান বিবেচনা করে শিক্ষকরা এ রায় দিয়েছেন।’