চমক পর্বে উদ্যোক্তারা
জাতীয় গণিত উৎসবে একটি বিশেষ আকর্ষণ থাকে। যার নাম চমক পর্ব। এতে চমক থাকবে, এটাই স্বাভাবিক। তবে চমকটা কোন পর্যায়ের হবে, তা নিয়ে থাকে জল্পনা-কল্পনা। কারা আসবেন? কী প্রশ্ন করা হবে? ভাবনার শেষ নেই শিক্ষার্থীদের। এবার আগে থেকেই একটু ইঙ্গিত দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। চমক পর্বের সঞ্চালক হিসেবে তিনি রহস্যের মোড়ক উন্মোচন করেন। চাকরি না করেও প্রতিষ্ঠিত মানুষ হওয়া যায়। দেশের বেকার সমস্যা কমাতে হলে উদ্যোক্তা হতে হবে। তাই তো ‘জাতীয় গণিত উৎসব ২০১১’-এর চমক পর্বের অতিথি ছিলেন সফল শিল্পোদ্যোক্তা এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহেমদ ও বাংলাদেশ উইমেনস চেম্বার অব কর্মাসের সভাপতি সেলিমা আহমাদ।কুতুবউদ্দিন আহেমদ ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে প্রথমে চাকরিতে যোগদান করেছিলাম। অনেকের মতো উদ্যোক্তা হবার কোনো স্বপ্ন ছিল না আমার। পরে আর্থিক সচ্ছলতার জন্য উদ্যোক্তা হওয়ার ইচ্ছে হয়। কিন্তু পুঁজি ছিল না। এক বন্ধুর সহযোগিতায় ও ব্যাংক লোনের মাধ্যমে ১৯৮৪ সালে প্রথম ২২০ জন লোক নিয়ে তৈরি পোশাকশিল্পের কাজ শুরু করি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। এখন আমি প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছি। সফল উদ্যোক্তা হতে হলে অবশ্যই নিষ্ঠা, আন্তরিকতা ও সততা থাকতে হবে। তাহলে অভীষ্ট লক্ষ্যে যেকোনোভাবেই পৌঁছানো যায়।’ সেলিমা আহমাদ শিক্ষার্থীদের বলেন, ‘সৃজনশীলতা, প্রতিযোগিতাপরায়ণ মনোভাব, যোগাযোগ ব্যবস্থাপনা, কাজের প্রতি নিষ্ঠা, কর্মদক্ষতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। আর স্বপ্ন তো থাকতেই হবে। এই বিষয়গুলো যার মধ্যে থাকবে, সে অবশ্যই সফল মানুষ, সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি চেয়েছিলাম, স্বাধীনভাবে কিছু করব।’কলেজে পড়ার সময় বিয়ে হয়েছিল সেলিমা আহমাদের। বিয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে পাস করে একটি ব্যাংকে যোগদানও করেছিলেন। কিন্তু স্বপ্ন যেন পূরণ হচ্ছিল না। তাই কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ব্যবসা শুরু করেন। কিছুদিন পরে বন্ধুরা বিভিন্ন জায়গায় চলে যান। শুরু হয় একা পথ চলা। এরপর বাড়ির গ্যারেজে নিজের স্বামীর সঙ্গে কাজ শুরু করেন। ধীরে ধীরে অনেক নারীরও সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়। বর্তমানে তাঁদের প্রতিষ্ঠানে ১৩ হাজারের অধিক লোকের কর্মসংস্থান হয়েছে।চমক পর্বে আরেকটি ভিন্নমাত্রা যোগ করেন সাহিত্যিক ও লেখক আনিসুল হক। তিনি বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এমন স্বপ্ন, যা তাকে ঘুমাতে দেবে না। এরপর বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমনকি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের উদাহরণ দেন তিনি। এ ছাড়া ব্যক্তিজীবনে তাঁর অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের বলেন। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদও তাঁর শিক্ষকজীবনের অভিজ্ঞতার কথা বলেন। তাঁর ছাত্রদের উদ্যোক্তা হওয়ার গল্প শুনতে শুনতে উৎসবে আসা ছেলেমেয়েদের চোখের ভাষা বদলে যেতে থাকে। চাকরিজীবী, নাকি উদ্যোক্তা—ছাত্রদের কোন পেশার কথা শুনলে তিনি খুশি হন—এর উত্তরে তিনি বলেন, ‘ছাত্ররা যেকোনো কাজে সফল হয়েছে, এটি শুনলেই বেশি ভালো লাগে।’এরপর শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। রাজশাহী অঞ্চলের শিক্ষার্থী আহমেদ হোসেনের প্রশ্নে সবাই হেসে ওঠে। প্রশ্নটি ছিল, সবাই যদি উদ্যোক্তা হয়, তবে কর্মচারী কে হবে? এর উত্তরে এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহেমদ বলেন, ‘সবাই যদি উদ্যোক্তা হয়, তাতে কোনো আপত্তি নেই। তবে সবাই তো হয় না। এই গণিত উৎসবে কি সবাই অংশগ্রহণ করে? কিন্তু অংশগ্রহণ করলে অনেক কিছু শেখা যায়। এখানে আসার জন্য তোমাদের যেমন স্বপ্ন ছিল, তেমনি উদ্যোক্তা হওয়ার জন্যও স্বপ্ন থাকতে হবে।’উদ্যোক্তা ও চাকরি—দুটো কাজ কি একসঙ্গে করা যায়? এই প্রশ্ন করে কুদরাতুল মুনতাহা। ওর প্রশ্নের উত্তর দেন বেগম সেলিমা আহমাদ। তিনি বলেন, ‘আমিই এর বড় উদাহরণ। আমি একদিকে উদ্যোক্তা, অন্যদিকে একটি বিদেশি সংস্থার উপদেষ্টা হিসেবে কাজ করি। অবশ্যই দুটো কাজকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। উদ্যোক্তা হওয়ার জন্য যেসব করণীয়, সেসব করলে চাকরিও করা যাবে।’ চমক পর্বের এই দুই অতিথির উদ্যোক্তা হওয়ার পেছনে প্রেরণা কী ছিল—জানতে চায় চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থী নিশাত সালসাবিল। আর্থিক সচ্ছলতা ও স্বাধীনতা—এই দুটো ছিল তাদের প্রেরণা। নুশরাত রাকা উদ্যোক্তা হয়ে নারীর উন্নয়ন করতে চায়। তাই তার প্রশ্নটিও ছিল এ নিয়ে। অতিথিরা তার প্রশ্নের উত্তরে বলেন, অবশ্যই করা সম্ভব। সে করতে পারবে। এটি জানতে পেরে শুধু নুশরাতের নয়, অনেকেরই স্বপ্নের এক নতুন দ্বার যেন খুলে গেল।তৌহিদা শিরোপা