চর কুকরি মুকরিবাসী চায় একটি বেড়িবাঁধ
‘চরে বসবাস করায় তিনডা বইন্যায় মোর তিনডা পোলা চোখের সামনে ভাসাইয়া নিয়া গেল। এহন নিজের জানডা লইয়্যা কোনো মতে বাইচ্যা আছি। আমাগো চরবাসীর দুকখ দেহনের লেইগ্যা কেউ আগাইয়া আসেনি।’ এসব কথা বলেন চর কুকরি-মুকরি ইউনিয়নের চর পাতিলার জেলে মালেক মাঝি (৫০)। একই চরের আছিয়া বেগম (৭০) বলেন, ‘বইন্যার পানিতে আমার ঘরের সব মালামাল, আর বাইরের চাইরটা গরু, দুইটা ছাগলসহ ২০টা হাঁস-মুরগি ভাসাইয়্যা নিয়া গ্যাছে। বইন্যার দিন (আইলা) সকালে জোয়ার শুরু হলে তখন আমি ঘরের চুলোয় ভাত রানছিলাম। মুহূর্তের মধ্যে পানিতে আমার ভাতের পাতিলসহ সবকিছু ভাসাইয়া নিয়া যায়। আমরা সবাই ঘরের চালে ভাসতে ভাসতে ফরেস্টের বনে গিয়া বাঁধি। আমরা সবাই বনের গাছে উঠে কোনো মতে প্রাণ বাঁচাই।’ একই ধরনের অভিজ্ঞতা বর্ণনা করেন আবুল কাশেম, আলাউদ্দিন (২৭), সোবহান, আবুল শেখ, জামিলা বেগম (৭০), নাছির মজুমদারসহ কয়েকজন। ঘূর্ণিঝড় আইলায় চর পাতিলার ৫০০ পরিবারের মধ্যে ৩০০টি ঘরই ভেসে যায়। তাঁরা জানান, এখানে বেড়িবাঁধ না হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে কোনো পরিবারই রেহাই পাবে না।আইলায় ক্ষতিগ্রস্ত চরফ্যাশন উপজেলার চর পাতিলা ও কুকরি-মুকরি এলাকায় ১৪ আগস্ট সরেজমিনে গেলে এসব তথ্য জানা যায়। নাছির মজুমদার জানান, ১৯৩৫ সাল থেকে এ চরে মানুষ বসবাস করছে। চরের চারপাশে ম্যানগ্রোভ বনাঞ্চল থাকলেও মাঝখানে সাত হাজার লোক বসবাস করছে। তাদের প্রধান জীবিকা মৎস্য শিকার ও কৃষি। এলাকার গরিব মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি। ১৯৯২ সালে চর কুকরি-মুকরি একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন হলেও আজ পর্যন্ত এই চরে মালামাল পরিবহনের জন্য কোনো পাকা রাস্তা হয়নি, রিকশা ও ভ্যান গাড়িও নেই। মানুষ হেঁটে মালামাল মাথায় বহন করে থাকে।চর কুকরি-মুকরির মৎস্য ব্যবসায়ী আবুল হাসেম মহাজন বলেন, ‘বিচ্ছিন্ন চরগুলোতে বেড়িবাঁধ না থাকায় সাধারণ মানুষের ফসল, মাছ ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক ও বেড়িবাঁধ না থাকায় দুর্যোগ-পরবর্তী সময়ে ত্রাণ পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে। আমাদের দাবি, দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হোক।’চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল পাটওয়ারী বলেন, এ চরে বেড়িবাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। কোনো সরকারের আমলেই চরবাসীর এ দাবি পূরণ হয়নি। উপকূলীয় অঞ্চলের চর বিশেষজ্ঞ বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চর কুকরি-মুকরি একটি নৈসর্গিক সৌন্দর্যের দ্বীপ। এর চারপাশে বেড়িবাঁধ নির্মাণ হলে ভ্রমণপিপাসু পর্যটকেরা ম্যানগ্রোভ বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এলাকার মানুষ জমিতে ফসল ফলিয়ে এবং মাছ চাষ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে।’চর কুকরি-মুকরি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ১৯৭৩-৭৪ সালে এখানে বনায়ন কার্যক্রম শুরু হয়। এ বনে কেওড়া, বাইন ও গোলপাতাজাতীয় গাছ রয়েছে। এ ছাড়া প্রায় ১২ হাজার হরিণ, পাঁচ হাজার বানর, চিতা বাঘ, অসংখ্য খেঁকশিয়াল, অজগর ও গুঁইসাপজাতীয় প্রাণী রয়েছে। ২০০৫ সালে চর কুকরি-মুকরিতে একটি ইকো পার্ক স্থাপনের প্রকল্প বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পাঠানো হয়।চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সরকার নুরুল ইসলাম বলেন, চর কুকরি-মুকরিতে বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু করা সম্ভব হবে।ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ চরের চার পাশে বেড়িবাঁধ এবং মাঝখানে একটি পাকা রাস্তা নির্মাণ করে চরবাসীর যাতায়াতের পথ সহজ করা হবে। প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।