চর কুকরিমুকরিতে রাস্তা নির্মাণ কার্যক্রম ৩ মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত বন হিসেবে ঘোষিত ভোলার চর কুকরিমুকরিতে গাছ কেটে রাস্তা নির্মাণের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি নির্মাণের এই কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। একই সঙ্গে সেখানে গাছ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে পরিবেশসচিব, ভূমিসচিব, স্থানীয় সরকারসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ভোলার জেলা প্রশাসকসহ ১৭ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।সংরক্ষিত বনটিতে গাছ কেটে রাস্তা নির্মাণ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, ২০০১ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ভোলার চর কুকরিমুকরিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। ২০১০ সালের ১৬ মে সেখানে গাছ কাটার অনুমতি দিয়ে রাস্তা নির্মাণের পক্ষে চিঠি দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়। বেলার কৌঁসলি ইকবাল কবীর প্রথম আলোকে বলেন, আদালত সংরক্ষিত বনটির ওপর দিয়ে গাছ কেটে রাস্তা নির্মাণের সব ধরনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। এ রাস্তা নির্মাণ করা হলে ১৫ হাজার গাছ কাটতে হবে বলেও তিনি জানান।