চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে আজ শনিবার মধুমতী নদীর চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৬ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মধুমতী নদীর একটি চর দখলের লক্ষ্যে সিংগাঁতি গ্রামের জাহিদ শিকদার একটি ইটের ভাটা নির্মাণ করছেন। আজ সকাল পৌনে ১০টার দিকে জাহিদ শিকদারের ইটের ভাটা উচ্ছেদ করতে যায় জিন্নাহ সরদার নামের এক ব্যক্তির লোকজন। এ সময় জাহিদের পক্ষের লোকজন তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের সহকারী পুলিশ সুপার মাহফুজুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় শটগানের গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি গুলির খোসা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে।