চরকল্যাণপুরবাসী যেন ভিন গ্রহের বাসিন্দা
পাবনার বেড়া উপজেলার দুর্গম এক গ্রামের নাম চরকল্যাণপুর। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে যমুনার চর নিয়ে এ জনপদটি গড়ে উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপত্তাসহ প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। বাসিন্দাদের একটি বড় অংশ নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষ।চরকল্যাণপুর গ্রামে বসবাসকারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার। বাসিন্দাদের বেশির ভাগই হতদরিদ্র। কৃষিকাজ ও দিনমজুরি তাদের প্রধান পেশা। বর্ষা মৌসুমের শুরু থেকে চার-পাঁচ মাস তাদের অনেকেই কাজের অভাবে বেকার হয়ে পড়ে। এ সময় দিন কাটে খেয়ে-না খেয়ে।গ্রামের হিটপাড়ায় গিয়ে কথা হয় নারীশ্রমিক (মাটি কাটার কাজ করেন) রুবি খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘সারা বছর কাম থাকলি তা-ও কুনু রকমে সংসারডা চালান যায়। কিন্তু বছরে পরায় (প্রায়) পাঁচ মাসই কুনু কাম জোটে না। এ সময় কিরম কইর্যা যে দিন কাটে তা আল্লাহই জানে।’গ্রামের ভেতরে রাস্তা বলে কিছুই নেই। এর-ওর বাড়ির ভেতর দিয়ে একের পর এক খাল পার হয়ে গ্রামবাসীকে যাতায়াত করতে হয়। বিপজ্জনক খালগুলো পার হতে গিয়ে মাঝেমাধ্যেই ঘটে নানা ধরনের দুর্ঘটনা। এ ছাড়া গ্রাম থেকে উপজেলা সদরসহ বাইরে যাওয়ার জন্য পায়ে হাঁটা ও নৌপথই প্রধান ভরসা। প্রতিকূল আবহাওয়ায় নদী উত্তাল থাকলে বাইরে যাতায়াত বন্ধ হয়ে যায়।গ্রামের ঈসমাইল হোসেন জানান, বছর তিনেক আগে তাঁর ভাই আমীর হামজা বোঝা মাথায় খালের ঢালু রাস্তা বেয়ে নামতে গিয়ে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মারা যায়। খালের ঢালু পথ পার হতে গিয়ে প্রতিনিয়তই কেউ না কেউ আহত হচ্ছে বলে তিনি জানান। অসুখ-বিসুখে গ্রামবাসীর আধুনিক চিকিত্সা পাওয়ার সহজ কোনো উপায় নেই। আধুনিক চিকিত্সার জন্য দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় ৩০ কিলোমিটার দূরের উপজেলা সদরে। কিন্তু দুর্গম পথ হওয়ায় গ্রামের বেশির ভাগ মানুষই সেখানে যেতে চান না। কবিরাজ ও হাতুড়ে চিকিত্সকই এ এলাকার অসুস্থদের প্রধান ভরসা। এ অবস্থার কারণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরা।গ্রামের মরিয়ম বেগম জানান, কিছুদিন আগে তাঁর মেয়ে খৈমালার প্রসব বেদনা উঠলে স্থানীয় দাই ডেকে আনা হয়। কিন্তু দুই দিন ধরে তীব্র প্রসব যন্ত্রণা ভোগ করে সে মৃত সন্তান প্রসব করে। মরিয়ম বলেন, ‘হাসপাতালে নেওয়ার মতো টাকা-পয়সা আমাগরে নাই। তা ছাড়া এহানে যত অসুবিধাই হোক হাসপাতাল বা বড় ডাক্তারের কাছে যাওয়ার কথা কেউ ভাবে না। গিরামের ডাক্তার আর দাই-ই এহানে সব। বছরের পর বছর এরমই চইল্যা আসত্যাছে।’গ্রামে বিদ্যালয় থাকলেও অভিভাবকদের অসচেতনতা ও অভাব-অনটনের কারণে অনেক শিশুই বিদ্যালয়ে যায় না। গ্রামের ছেলেমেয়েদের বড় অংশ শিক্ষার পরিবর্তে ঝুঁকে পড়ছে উপার্জনের দিকে। এ কারণে গ্রামের শিশুদের বড় অংশই শিক্ষা থেকে বঞ্চিত। এখানে বাল্যবিবাহ ও বহুবিবাহের প্রবণতাও অনেক বেশি। এলাকার (পুরান ভারেঙ্গা ইউনিয়ন) ইউপি চেয়ারম্যান এ এম রফিকউল্লাহ বলেন, ‘দুর্গমতার কারণে এ গ্রামে নানা সমস্যা রয়েছে। এ ছাড়া এখানে দুস্থদের সংখ্যাও তুলনামূলক বেশি। অপ্রতুল সরকারি বরাদ্দ হওয়া সত্ত্বেও গ্রামবাসীর জন্য যথাসাধ্য করার চেষ্টা করছি। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করার জন্য কয়েকটি এনজিওকে অনুরোধ করায় সেগুলো সেখানে কাজ করে যাচ্ছে।’