চরফ্যাশনে পুকুর-খাল ভরাট ও দখল
ভোলার চরফ্যাশন উপজেলার পুকুর-খাল ভরাট ও দখল চলছে। উপজেলার ছয়টি পুকুরের মধ্যে ইতিমধ্যে দুটি ভরাট করা হয়েছে এবং আরও দুটির ভরাটকাজ চলছে। অপর দুটি পুকুর ও একটি খাল দখল হয়ে যাচ্ছে।চরফ্যাশন উপজেলাবাসী ও বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ১৮৫৩ সালে চরফ্যাশন বাজার প্রতিষ্ঠার সময় বাজারের ভেতর জেলা পরিষদের ডাকবাংলো ও পূর্ব বাজারে দুটি এবং আলিয়া মাদ্রাসায় একটি পুকুর কাটা হয়। পরে এই তিনটি পুকুরই জেলা পরিষদ দেখাশোনা করে। এর মধ্যে ২০০৭ সালে আলিয়া মাদ্রাসার পুকুরটি ভরাট করে ঈদগাহ তৈরি করা হয়। বর্তমানে বাজারের ভেতরে দুটি পুকুরের চারপাশ দখল হয়ে গেছে। পুকুর দুটি সংস্কার না করায় এর পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। দখলদারেরা পুকুর দুটির চারপাশ এমনভাবে বন্ধ করে রেখেছে যে বাজারে অগ্নিকাণ্ড হলে ফায়ার সার্ভিসের কর্মীদের পুকুরে পাইপ স্থাপন করা সম্ভব হয় না। আবার কোনোমতে হলেও ময়লা-আবর্জনায় মেশিনের পাইপের মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি তোলা সম্ভব হয় না। ইতিমধ্যে কালীবাড়িসংলগ্ন পৌরসভার পুকুরও সম্পূর্ণ ভরাট করা হয়েছে। এ ছাড়া খাসমহল জামে মসজিদের পুকুর ও থানা মসজিদের পুকুরের ভরাটকাজ চলছে।বাজারের পূর্ব ও দক্ষিণ পাশের খালের চিত্রও একই রকম। এর দুই পাশ দখল করে দখলদারেরা ময়লা-আবর্জনা ফেলে প্রায় ভরাট করে ফেলেছে।১০ জুলাই মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জেলা পরিষদের ডাকবাংলোর পুকুরের উত্তর পাশে ভবন নির্মাণের কাজ চলছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন বহুতল এ ভবন নির্মাণ করছেন। এ ছাড়া ফখরুল মাস্টার, আ. শহিদ ফরিদ, মন্তাজ চৌকিদার, আলাউদ্দিন, মহিউদ্দিন, হীরালাল মেকার, নারায়ণ শীল, আশ্রাফ, উৎপল, কাজী মনির, সিপন মহাজন ও দুলাল আখন পুকুরের জায়গায় দোকানঘর নির্মাণ করেছেন।এ ব্যাপারে কাজী মনজুর হোসেন বলেন, ‘আমাদের দোকানের পেছনের অংশ খালি পড়ে থাকায় কিছু অংশ পড়তে পারে। সরকার যদি জমি ফেরত চায় আমরা ছেড়ে দেব।’মন্তাজ চৌকিদার বলেন, ‘আমরা আমাদের রেকর্ডীয় সম্পত্তির বাইরে যাইনি। সরকারি সার্ভেয়ার দিয়ে মাপজোকের পর ঘর করেছি।’পূর্ব বাজারের পুকুরের চারপাশে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন আ. মান্নান, স্বপন শীল, গণেশ চন্দ্র, মৃণাল শীল, লিটন শীল, উমাচরণ শীল, সমীর বাবু, স্বপন বাবু, পন বাবু, রুবেল শীল, কুদ্দুছ, শাজাহান ডাক্তার, মজু আখন ও খোরশেদ আলম।মাহাবুব হোমিও হলের মালিক আ. মান্নান বলেন, ‘ঘরের পেছনের খালি অংশ কিছু আমাদের দখলে থাকলে প্রশাসন চাইলেই ছেড়ে দেব।’নরসুন্দর সমিতির সমীর বাবু, স্বপন বাবু, গণেশ চন্দ্র ও মৃণাল শীল জানান, অন্যরা তাঁদের ঘরের পেছনে পুকুরের মধ্যে বারান্দা তৈরি করায় তাঁরাও করেছেন।চরফ্যাশন বাজারের খালের জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন শাহীন কমিশনার, সুফিয়ার রহমান, হারুন বেপারি, এমরান বকশী, নুরুল ইসলাম, দুলাল, খলিলুর রহমান, পরেশ সাহা, কাদের মিয়া, ছাত্তার দেওয়ান, ফজলু মেম্বার, খালেক হাজি, অলি দফাদার, হারুন ও আমির হোসেন।এ ব্যাপারে শাহীন কমিশনার, সুফিয়ার রহমান ও নুরুল ইসলাম জানান, খালটি জনগণের কোনো কাজে আসছে না। খালি পড়ে থাকায় পেছনের কিছু অংশ তাঁদের দখলে থাকতে পারে।বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, এ বাজারের খাল একসময় গয়নার নৌকায় (মাল পরিবহনের বড় নৌকা) ভরপুর থাকত। এখন খালে কোনো নৌকা ঢুকতে পারে না। খালটি দখল হওয়ার পর ভরাট হয়ে গেছে। খাল সংস্কার ও দখলমুক্ত করার কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।প্রবীণ ব্যবসায়ী সুফিয়ার রহমান বলেন, গত ৩০ বছরে চরফ্যাশন বাজারে ২৭ বার অগ্নিকাণ্ড হয়েছে। প্রতিবছর পানির অভাবে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। কাপড় ব্যবসায়ী ইসমাইল আখন্দ বলেন, চরফ্যাশন বাজারের পুকুর ও খাল অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করার জন্য প্রশাসন কোনো সময় উদ্যোগ নেয়নি।চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন বলেন, বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পুকুরগুলো দখলমুক্ত এবং খালগুলো সংস্কার করা প্রয়োজন।চরফ্যাশন পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বলেন, বাজারের ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে পুকুর তৈরি করা হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পৌরসভার পক্ষে এসব দখলমুক্ত করা সম্ভব হয়নি।চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজয় চক্রবর্তী বলেন, পুকুরগুলো দখলমুক্ত করার জন্য শিগগির অভিযান চালানো হবে।ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নেছার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দখল মুক্ত করার উদ্যোগ নেব। অনেক সময় রাজনৈতিক চাপে কাজ করতে সমস্যা হয়।’