চরফ্যাশনে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ৬০
ময়নাতদন্তের জন্য কবর থেকে কিশোরের লাশ উত্তোলনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে ভোলার চরফ্যাশনের আবুবকর গ্রামের বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন গ্রামবাসী এবং পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর আবুবকর গ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোর জুয়েল পানিতে ডুবে মারা যায়। এর পরের দিন তার বাবা চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্তের জন্য ২০ নভেম্বর কবর থেকে জুয়েলের লাশ উদ্ধার করতে যায়। সেদিন জুয়েলের পরিবার ও গ্রামবাসী এতে বাধা দিলে পুলিশ ফিরে আসে।আজ ভোর পাঁচটার দিকে পুলিশ ও ম্যাজিস্ট্রেট আবার কবর থেকে জুয়েলের লাশ তুলতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সকাল সাড়ে আটটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও গ্রামবাসীসহ ৬০ জন আহত হন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।