চরফ্যাশনে বিক্ষুব্ধ জনতার বিদ্যুৎ কার্যালয় অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় বিক্ষুব্ধ জনতা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ কার্যালয় অবরোধ করে ভাঙচুর চালিয়েছে। গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট চালু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নাগরিক কমিটির ব্যানারে এমনটা করা হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে চরফ্যাশন শহরের তিন থেকে চার শ লোক বিদ্যুৎ অফিস অবরোধ করে। একপর্যায়ে হামলা চালিয়ে কার্যালয়ের জানালার গ্লাস ও চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাগরিক কমিটির সদস্য মনির উদ্দিন চাষী, শহিদুল ইসলাম, কামাল গোলদারসহ একাধিক বক্তা অভিযোগ করেন, ভোলার মানুষের জন্য সরকার যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেছে তা সুবিধাভোগী দুর্নীতিবাজদের জন্য ভোলাবাসী ভোগ করতে পারছে না। ওই দুর্নীতিবাজ কর্মকর্তারাই ভেঞ্চার অ্যানার্জি রিসোর্স লিমিটেডকে গ্যাসভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বসানো ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব দিয়েছে। একটি পুরোনো ইঞ্জিন ভোলায় বসানো হয়েছে। বারবার ওই পুরোনো বিদ্যুৎ প্ল্যান্ট নষ্ট হচ্ছে। এতে চরফ্যাশনবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা রোজার আগেই এ সমস্যার সমাধান চায়। নইলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় তারা।চরফ্যাশন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী জহিরুল ইসলাম বিক্ষুব্ধ জনতার অবরোধ, হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ জুলাই থেকে ভোলার খেয়াঘাটে গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ আছে। সে কারণে ভোলাবাসীকে জাতীয় গ্রিডের চার-পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে চলতে হচ্ছে। কিন্তু ভোলার চাহিদা মেটানোর জন্য দরকার ২০ মেগাওয়াট।