চরফ্যাশনে শ্রমজীবী মানুষের সন্তানদের পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী ফাউন্ডেশন। চরফ্যাশন বাজারে খেটে খাওয়া শ্রমিকদের ছেলেমেয়েদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই। ঝরে পড়া এসব শিশুর লেখাপড়ার জন্য গড়ে তোলা হয়েছে পাঠশালা। এলাকার বেকার যুবকেরা শিক্ষক হিসেবে পাঠশালায় নিয়মিত শিশুদের পাঠদান করে আসছেন।৬ সেপ্টেম্বর চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজে পরিচালিত এ পাঠশালায় গিয়ে দেখা যায়, প্রায় ৪০০ ছেলেমেয়ে বিভিন্ন শ্রেণীকক্ষে লেখাপড়া করছে। এসব শিশুকে পাঠদানে সহায়তা করছেন আমির হোসেন, ফারুক হোসেন, এনায়েত হোসেন, মো. জাফর, মুন্না ও হোসনেয়ারা বেগম। এ সময় শিশু সুমন বলে, ‘আমার বাবা বাজারে শ্রমিকের কাজ করে, ইসকুলে লেহাপড়ার টাহা নাই, এইহানে বিনা খরচে পড়ায় দেইখ্যা লেহাপড়া করতে আইছি।’ একই ধরনের কথা বলে অলি ও আমেনাসহ কয়েকজন। এভাবেই সপ্তম শ্রেণীর ছাত্র আবু কাশেম বলে, ‘প্রাইমারি পাস করার পর বই কিনার টাহা না থাকায় ইসকুলে যাওন বন্দ অইয়্যা গেছে, এইহানে লেহাপড়া করতে টাহা না লাগায় আবার লেহাপড়া শুরু করছি।’ একই শ্রেণীর সোহাগও একই ধরনের কথা বলে।পাঠশালার শিক্ষক আমির হোসেন জানান, ঝরে পড়া এসব শিশু কোনো দিনই বিদ্যালয়ে আসত না। বাজার ব্যবসায়ী ফাউন্ডেশনের উদ্যোগে এ বিদ্যালয়টি চালু হওয়ায় তারা লেখাপড়ার সুযোগ পেয়েছে।বিদ্যালয়ের অপর শিক্ষক এনায়েত হোসেন বলেন, ‘লেখাপড়া শেষ করে বেকার ঘোরাফেরা করছি। অবসর সময় শ্রমজীবী মানুষের সন্তানদের লেখাপড়া করাতে পেরে আমার খুব ভালো লাগছে।’ বিদ্যালয়ের শিক্ষক হোসনেয়ারা বলেন, ‘ব্যবসায়ীদের একটি ভালো উদ্যোগকে সমর্থন জানানোর জন্য বিনা পারিশ্রমিকে আমি এ বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করছি।’বিদ্যালয় পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, বিদ্যালয়টি চালু হওয়ার এক মাসের মধ্যে প্রায় ৪০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্তমানে ক্লাস চলছে। পরে দশম শ্রেণী পর্যন্ত চালু করার পরিকল্পনা রয়েছে।চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মনিরউদ্দিন চাষী প্রথম আলোকে বলেন, ঝরে পড়া এসব শিশুকে শিক্ষার আওতায় আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় বর্তমানে ফাতেমা মতিন মহিলা কলেজে এ বিদ্যায়ের কার্যক্রম চলছে। বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী ফাউন্ডেশনের আয় থেকে ছেলেমেয়েদের বইসহ অন্যান্য খরচ মেটানো হবে।