নির্বাচনী দিনক্ষণ নির্দিষ্টভাবে ঘোষণা না হলেও চরফ্যাশন পৌরসভার নির্বাচন ঘিরে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাঁরা প্রতিনিয়ত ভোটারদের কাছে পরিচিত হয়ে পৌরসভার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন। কেউ কেউ রাজনৈতিক নেতাদের আশীর্বাদ পাওয়ার জন্য নানা লবিং করে যাচ্ছেন। চরফ্যাশন পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা ঈদ ও পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। পৌরসভা সূত্র মতে, ১৯৯০ সালে পৌরসভা ঘোষণা হওয়ার পর থেকে প্রশাসক দ্বারা পরিচালিত হয়েছে দীর্ঘ দিন। ১৯৯৮ সালে পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মন্নান হাওলাদার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেও পরবর্তী সময়ে ২০০৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মন্নান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আখন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুছ ছালাম হাওলাদার, এইচ এম মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ। বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির সিনিয়ন সহসভাপতি ও বর্তমান পৌর মেয়র আমিরুল ইসলাম ও যুবদল সভাপতি আশ্রাফুর রহমান।বিভিন্ন ওয়ার্ডে একাধিক কাউন্সিলর পদপ্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে সরকারদলীয় নতুন প্রার্থীদের সংখ্যা শতাধিক। বিএনপির কাউন্সিলর পদপ্রার্থীরা প্রকাশ্যে গণসংযোগ না করলেও নেপথ্যে দলীয় নৈকট্য লাভের চেষ্টা অব্যাহত রাখছেন।চরফ্যাশনে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন: চরফ্যাশনে গত ৬ নভেম্বর শনিবার উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আওয়ামী যুবলীগের উপজেলার আহ্বায়ক প্রভাষক জামাল উদ্দিন মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আলহাজ আবদুল্যাহ আল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা আ.লীগের সম্পাদক জয়নাল আবেদীন আখন্দ। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা যুবলীগের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির। সম্মেলনে সাইদুর রহমানকে সভাপতি ও আল এমরানকে সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।