ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় চক্রবর্তীকে ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত গ্রামবাসী। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গ্রামবাসী এ বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগ অস্বীকার করে ইউএনও সঞ্জয় চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি অভিযোগকারীদের কাছের এক লোককে বনের গাছ কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অধীনে ছয় মাসের জেল দিয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে এ অভিযোগ আনা হয়েছে।’জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জেল গ্রামের এক ব্যক্তি ৮ শতাংশ জমি কিনে সেখানে অনিল চন্দ্র শীল নামের আরেক ব্যক্তিকে অস্থায়ীভাবে থাকতে দিয়েছিলেন। ওই জমির পাশেই ছিল খাসজমি। অনিল একসময় ওই খাসজমির বন্দোবস্ত পান। একপর্যায়ে তিনি সেখানকার সব জমির মালিকানা দাবি করেন (তাঁকে যিনি বসবাস করতে দিয়েছিলেন, তাঁর জমিসহ)। এ ব্যাপারে একাধিক সালিস বৈঠক হয়েছে। কিন্তু সমঝোতা না হওয়ায় অনিল চরফ্যাশন আদালতে মামলা করেন। কিন্তু আদালত ২৩ আগস্ট ওই ব্যক্তির পক্ষে (যিনি অনিলকে থাকতে দিয়েছিলেন) রায় দেন। কিন্তু এর পরও অনিল চন্দ্র জমির দখল ছাড়েননি। জিডি সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তাঁর নিজের জমি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গত বৃহস্পতিবার দুপুরে তাঁর বড় ও ছোট মেয়েকে সেখানকার একটি খালি ঘরে গিয়ে থাকতে বলেন। রাত আটটার দিকে ইউএনও সঞ্জয় চক্রবর্তী পুলিশ নিয়ে ওই ঘরে গিয়ে মেয়েদের বের হয়ে যেতে বলেন। তাঁরা বের হতে না চাইলে তাঁদের টেনেহিঁচড়ে বের করতে চান ইউএনও। এ সময় তিনি তাঁদের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েদের চিত্কার শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে ভিড় করেন। একপর্যায়ে শত শত মানুষ সেখানে জড়ো হয়। তারা রাত দুইটা পর্যন্ত ইউএনওকে ঘিরে বিক্ষোভ করে। এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক প্রথম আলোকে বলেন, ‘ইউএনও রাত আটটার দিকে আমাকে ফোন করে বলেন, চর তোফাজ্জেলে একটি ঘটনা ঘটছে। এ জন্য সেখানে যাওয়া দরকার। আমি ভোলায় থাকায় ইউএনওর সঙ্গে তিনজন পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে—এটা জমিসংক্রান্ত ব্যাপার। ইউএনও নিজেই মেয়েদের ঘর থেকে বের করার চেষ্টা করছেন দেখে পুলিশ নীরব ভূমিকা পালন করে। গ্রামবাসী ইউএনওকে ঘিরে ফেললে পুলিশ তাঁকে উদ্ধার করে চরফ্যাশনে নিয়ে আসে।’ ওসি বলেন, বাদীপক্ষ প্রথমে মামলা দিতে চেয়েছিল। কিন্তু তদন্ত না করে মামলা নেওয়া যাবে না বললে জিডি করে তারা।ইউএনও সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘আমি ওই মেয়েদের ঘর থেকে বের হয়ে যেতে বলি। তারা বের না হলে অনিলের সাহায্যে বের করে নিয়ে আসি। কিন্তু মেয়েরা মিথ্যা অভিযোগ করেছে। কারণ এলাকার প্রভাবশালী কামাল গোলদারের বড় ভাই শাহ আলম গোলদারকে বনের গাছ কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের জেল দিয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে কামাল গোলদার ওই মেয়েদের আমার বিরুদ্ধে লাগিয়েছে।’ এ ব্যাপারে কামাল গোলদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ ঘটনার ধারেকাছেও নেই।’উপজেলা চেয়ারম্যান নুর ইসলাম ইউএনওকে ঘেরাও করে গ্রামবাসীর বিক্ষোভের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।