চরভদ্রাসন বাজারে খাজনা আদায় নিয়ে উত্তেজনা
নতুন বাংলা বছরের শুরুতেই অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ১৬ ও ১৭ এপ্রিল পর পর দুই দিন গোলোযোগ হওয়ার পর বর্তমানে খাজনা আদায় বন্ধ রয়েছে।বাজারের ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী রসিদের মাধ্যমে খাজনা নেওয়ার কথা থাকলেও ইজারা গ্রহীতারা তা না মেনে মণপ্রতি অতিরিক্ত খাজনা ওঠানোর চেষ্টা করছে। প্রতি কুইন্টাল (আড়াই মণ) মালের জন্য ১০ টাকা খাজনা নেওয়ার কথা থাকলেও প্রতি মণে ১০ টাকা হারে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর বিনিময়ে কোনো রসিদ দেওয়া হচ্ছে না।এ নিয়ে ১৬ এপ্রিল বিকেলে হাটের ক্রেতা-বিক্রেতা ও সাব-ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অতিরিক্ত টোল আদায়কারী সদরপুর উপজেলার আবুল কালাম (৩২), কৃষ্ণপুর ইউনিয়নের আইয়ুব আলী ফকির (৪০), ইসারাত (৪৫) ও আবুল কালাম (৩৮) গণপিটুনির ফলে একপর্যায়ে পালিয়ে যান।১৮ এপ্রিল সকালে বাজারে সাব-ইজারা গ্রহীতা সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফকির আল-মামুন (৩৫) ও একই উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মো. মিন্টু মিয়া (৪৫) রসিদ ছাড়া খাজনা তুলতে এসে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন।জানা গেছে, বাংলা ১৪১৭ সালের জন্য উপজেলা সদর হাটবাজার ২৯ লাখ ৫৬ হাজার ৮৮৭ টাকায় ইজারা পান সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মো. বিল্লাল ফকির।স্থানীয় সূত্রে জানা গেছে, ইজারাদার খাজনা আদায়ের জন্য মোট ৩৫ জনের কাছে সাব-ইজারা দিয়েছেন। ১৬ এপ্রিল হাটের খাজনা তুলতে ৩০টি মোটরসাইকেলের বহর নিয়ে এসে সাব-ইজারা গ্রহীতারা মণপ্রতি ১০ টাকা হারে খাজনা আদায় করতে থাকে। এ নিয়ে শুরু হয় ক্রেতা-বিক্রেতার সঙ্গে তাদের বাগিবতণ্ডা।মাছ ব্যবসায়ী ইউনুছ আলী (৪০) বলেন, ‘সকাল আটটায় মাছের বাজারে শুধু আমার চট পাতার জন্য সাব-লিজ গ্রহীতারা ১২ টাকা খাজনা দাবি করেন। আমি খাজনার রসিদ চাইলে তারা আমার দিকে চটে আসে।’ মাছ বাজারের আড়তদার শেখ বাচ্চু (৩২) বলেন, ‘চট পাতার খাজনা তো দূরের কথা, সরকারি চার্টের অতিরিক্ত খাজনা আমরা কোনো দিনই দেই নাই, এবারও দেব না।’বাজারের বণিক সমিতির সভাপতি মো. আলমগীর মোল্লা জানান, এ অঞ্চলের মধ্যে এটিই সবচেয়ে বড় বাজার। এখানে ৫০০ ব্যবসায়ী স্থায়ী দোকান বসিয়ে এবং আরও ৭০০ ব্যবসায়ী সপ্তাহে দুই দিন হাটে পসরা বসিয়ে বিকিকিনি করে। খাজনার নামে এ বাজার হতে কাউকে অতিরিক্ত টাকা আদায় করতে দেওয়া হবে না। তা ছাড়া রসিদ ছাড়া ব্যবসায়ীরা কোনো ইজারাদারকে একটি টাকাও দেবেন না।সাব-ইজারা গ্রহীতা সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফকির আল-মামুন বলেন, ‘সরকারি রেটেই আমরা খাজনা তোলার উদ্যোগ নিয়েছিলাম। বিগত দিনে রসিদ ছাড়াই খাজনা তোলা হয়েছে। তখন কোনো সমস্যা না হলে এখন সমস্যা হবে কেন?’ইজারাদার সদরপুরের কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল ফকির বলেন, ‘আগে হাটটি স্থানীয় লোকজন ভাগবাটোয়ারা করে খেত। এবার আমি ইজারা পাওয়ায় তারা নাখোশ হয়। আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়ায় তারা খাজনা তোলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।’চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমউদ্দীন বলেন, ‘ইজারা নিয়ে ইজারাদার টাকা আদায়ের ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। যেভাবে ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে বাজারে এসে টাকা তোলার চেষ্টা করা হয়েছিল, তা ব্যবসায়ীসুলভ হয়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ জানান, রসিদের মাধ্যমে খাজনার টাকা আদান-প্রদান করার কথা ইজারার নীতিমালায় বলা আছে। তাই রসিদ ছাড়া খাজনা আদায় করা বেআইনি। হাটবাজার ব্যবসায়ীদের দাবি বাস্তব ও যৌক্তিক।