চরভদ্রাসনে উপজেলা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন (৬২) এবং উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি সমর্থক মো. ফজলুর রহমানসহ (৫৫) পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে। তবে ওই দুই চেয়ারম্যান মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।উপজেলার গাজীরটেক ইউনিয়নের ছোট গাজীরটেক গ্রামের শেখ মজিবর গত ২২ নভেম্বর এ মামলা করেন। ওই দিন তিনি প্রথমে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দুই নম্বর আমলি আদালতে এ বিষয়ে এজাহার দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করার জন্য চরভদ্রাসন থানাকে নির্দেশ দেন।চরভদ্রাসন থানা সূত্র জানায়, আদালতের নির্দেশনা পেয়ে গত ২২ নভেম্বর রাতে মামলাটি গ্রহণ করা হয়।মামলার অন্য আসামিরা হলেন, গাজীরটেক ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের সৈয়দ আলী শেখ (৫০), চর অযোধ্যা গ্রামের শেখ লুৎফর রহমান (৩০) ও ছোট গাজীরটেক গ্রামের শেখ তারাজুদ্দীন (৫০)।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর গরুর খামার আছে। আবুল হোসেনের হুকুমে আসামিরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৮ নভেম্বর তিনি গরু বিক্রির দুই লাখ টাকা নিরাপদে রাখার জন্য বাড়ি থেকে হাজীগঞ্জ বাজারের উদ্দেশে রওনা দেন। সকাল ১১টার দিকে দক্ষিণ চর সুলতানপুর গ্রামের শেখ হোসেনের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা বন্দুক ঠেকিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা, ১০ হাজার টাকা দামের মোবাইল ফোনসেট ও ৩৫ হাজার টাকা দামের সোনার চেইন নিয়ে যায়। তাঁর অভিযোগ, আসামিরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি ১৫০ টাকা দামের নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে তাঁর টিপ সই রেখে দেয়।গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যিনি মামলা করেছেন তাঁকে আমি চিনি না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হকসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা আমাদের হয়রানি করার জন্য এ গল্প ফেঁদেছে। যার কোনো বাস্তব ভিত্তি নেই।’উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘একজন উপজেলা চেয়ারম্যান সকাল ১১টার দিকে বন্দুক হাতে দলবলসহ চাঁদাবাজি করতে যাবে—এ কথা পাগলেও বিশ্বাস করবে না। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে না পেরে আমার রাজনৈতিক প্রতিপক্ষ হাস্যকর মন গড়া অলীক কাহিনির জন্ম দিয়েছে।’অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক বলেন, ‘মামলা হওয়ার পর আমি ঘটনাটি জানতে পেরেছি। আবুল হোসেন ও ফজলুল হক সব বিষয়েই আমার হাত দেখতে পায়। শুধু চাঁদাবাজিই নয়, এমন কোনো অন্যায় কাজ নেই, যা তারা করতে পারে না।’চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমউদ্দীন বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। দুই চেয়ারম্যান আত্মগোপন করেছেন।এদিকে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের কয়েকজন আত্মীয়স্বজনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা করা হয়েছে বলে জানা গেছে। গত ২৪ নভেম্বর ইউনিয়নের চর অমরাপুর গ্রামের শেখ সোহরাব (৪৮) চেয়ারম্যান ফজলুর রহমানের ভাই শেখ ইয়াকুব আলী (৪৫) ও চেয়ারম্যানের ছেলে আইনাল শেখকে প্রধান আসামি করে চরভদ্রাসন থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। এ ছাড়া গত ১৬ নভেম্বর ইউপি চেয়ারম্যানের ছোট ভাই শেখ বাচ্চু দলবল নিয়ে সৌদি প্রবাসী আইনাল শিকদারের (৪০) ওপর হামলা চালিয়ে আড়াই লাখ টাকা লুটপাট করেছে—এ অভিযোগে চরভদ্রাসন থানায় আরও একটি চাঁদাবাজি মামলা হয়েছে। পরে গত ২৪ নভেম্বর ওই এলাকার ছোরহাব খান, আইনাল শিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।