চরভদ্রাসনে ধর্ষণের ১৭ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গণধর্ষণের ১৭ দিন পর নবম শ্রেণীর ছাত্রী রুপা আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর সকাল নয়টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগের দিন রাত দুইটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।রুপা চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ত। ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে ১৬ নভেম্বর বিকেলে রুপাকে দাফন করা হয়। এ ঘটনায় রুপার মা ১৫ নভেম্বর রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চর সুলতানপুর গ্রামের এহসানুল হক ওরফে মামুনসহ চারজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছেন। অন্য আসামিরা হলেন ওকেল মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা ও চর হাজীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবুল, আরোজখারডাঙ্গি গ্রামের মো. মুন্নাফ ফকির ও চর হাজীগঞ্জের শেখ মো. ফরহাদ। মামলা দায়েরের রাতেই পুলিশ আসামি বাবুল ও ফরহাদকে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত কাল রোববার শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।মামলার এজাহারে বলা হয়েছে, রুপাদের বাড়ি চরভদ্রাসনের দুর্গম চরে। এ কারণে সামনের বার্ষিক পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে সে চর হাজীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে সহকারী শিক্ষক বাবুলের বাড়িতে থেকে পড়াশোনা থাকত। ওই সময় এলাকার কয়েকজন বখাটে ও সন্ত্রাসী রুপাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। এতে রুপা প্রতিবাদ করায় গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে বাবুলের সহায়তায় যুবলীগের নেতা এহসানুল, মুন্নাফ ও ফরহাদ রুপাকে ধর্ষণ করে। এ ঘটনায় রুপা অসুস্থ হয়ে পড়লে এহসানুল তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেয়।মেয়েটির বাবা জানান, ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা নিয়ে বেশ কয়েক দিন ব্যস্ত ছিলাম। সেখান থেকে বাড়িতে আনার পর ৭ নভেম্বর সে বাকশক্তি হারিয়ে ফেলে এবং খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। কোনো উপায় না দেখে ১৪ নভেম্বর রাতে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’ ধর্ষণ মামলার প্রধান আসামি যুবলীগের নেতা এহসানুল হক আত্মগোপন করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর দুটি মুঠোফোনও বন্ধ রয়েছে।চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, ‘মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে—এর সত্যতা আমরা পেয়েছি। তবে কারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে পারিনি। ধর্ষণের পর কোনো কিছু খাইয়ে তাকে মানসিক ভারসাম্যহীন করে ফেলা হতে পারে।’ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির জানান, রুপার মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে যারাই জড়িত হোক না কেন, রেহাই পাবে না। তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।