চরভদ্রাসনের বোরো চাষিরা কৃষিঋণ পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বোরোর ভরা মৌসুমে নদীভাঙনকবলিত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর এলাকার কৃষকেরা কৃষিঋণ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সংশিশ্লষ্ট সূত্রে জানা গেছে, চরভদ্রাসনের চর এলাকা তিন হাজার পাঁচ শ চাষির এক হাজার ৯৯০ একর জমিতে বোরো চাষ করার কথা। কিন্তু কৃষিঋণ না পাওয়ায় অনেক জমিতে বোরো চাষ করা সম্ভব হবে না বলে জানা গেছে। উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের শালিপুরচরের কৃষক শেখ সোহরাব (৪০) বলেন, আমি তিন একর জমিতে বোরা ধানের চাষ করতে চেয়েছিলাম। এ জন্য কৃষি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাকে ঋণ দেওয়া হয়নি। আমার যে টাকা ছিল তা দিয়ে মাত্র ৮৪ শতাংশ জমি চাষ করতে পেরেছি। বাকি জমি পতিত রেখে দিতে হবে।একই সমস্যায় পড়েছেন এলাকার কৃষক শেখ চুন্নু (৪২), শেখ তাহের (৫০), হারুন মোল্লাসহ (৪৫) অনেক কৃষক।চরভদ্রাসন কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় আট হাজার নয় একর জমিতে বোরো ধানের চাষ করা হবে।চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. রাজ্জাক মৃধা জানান, ইউনিয়নে পদ্মা নদীর তীরবর্তী চরকল্যাণপুর, দিয়ারা গোপালপুর, গফুর মৃধারডাঙ্গি, হাজীডাঙ্গি, এমপিডাঙ্গি ও টিলারচর গ্রামে ১৬৫ একর জমিতে বোরো ধানের চাষ হওয়ার কথা। সাত শ কৃষক এ চাষাবাদের সঙ্গে যুক্ত। কিন্তু তাঁরা কেউ কৃষিঋণ পাননি। ফলে অনেক জমি পতিত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমি ব্যাংক ব্যবস্থাপকের কাছে কৃষকদের ঋণ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু তাঁরা জানিয়েছেন, নদীর পাড়ের জমিতে কোনো ঋণ দেওয়া হয় না।’চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা বলেন, আমার ইউনিয়নের চর এলাকার গোপালপুর, সালিপুর, মির্জাপুর ও কল্যাণপুর গ্রামের প্রায় এক হাজার একর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়। এর পেছনে প্রায় দুই হাজার কৃষক পরিবার জড়িত। এ জমি নদীভাঙনের শিকার হয়েছিল। এখন জেগেছে ও চাষাবাদ হচ্ছে। কিন্তু নদীতে ভেঙে যাওয়া জমির খাজনা সরকার নেয় না। আর খাজনা হালনাগাদ না থাকায় কৃষকদের ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় না। ফলে কোনো কৃষকই ঋণ পাননি।চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, আমার ইউনিয়নের পূর্ব সালিপুর ও হাজাবিঘা চর এলাকার ৪৯৫ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়। এর পেছনে ছয় শ কৃষক জড়িত। কৃষকদের এ বছর ব্যাংকঋণ দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। আমার এলাকার মাত্র তিন জন কৃষককে ঋণ দেওয়া হয়েছে। অথচ গত বছরও শতাধিক কৃষককে ঋণ দেওয়া হয়েছিল।গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুল রহমান জানান, এ ইউনিয়নের চর এলাকার মাঝিডাঙ্গি, বৈদ্যডাঙ্গি, রমেশ বালার ডাঙ্গি ও নতুনডাঙ্গি গ্রামের ৩৩০ একর জমিতে বোরো চাষ করা হয়। প্রায় দুই শ কৃষক পরিবার এ চাষাবাদের সঙ্গে জড়িত। তাঁরা কেউ ব্যাংকঋণ পাননি। চরভদ্রাসন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নূরুল ইসলাম বলেন, ভাঙনকবলিত ও চর এলাকায় ঋণ দিয়ে অনেক সময় ব্যাংকগুলোকে বিপাকে পড়তে হয়। ঋণগ্রহীতাদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না। গত অর্থবছরে প্রায় এক কোটি টাকার ঋণ আটকে আছে। নদীর আশপাশের তিন কিলোমিটারব্যাপী মানুষকে ঋণ দেওয়ার কোন বিধান নেই। জমির রেকর্ড হালনাগাদ না থাকায় ঋণ বিতরণ করা সম্ভব নয়। তা ছাড়া জমির অংশ নদীর মধ্যে থাকলে বা অনাবাদি থাকলে ঋণ দেওয়া সম্ভব নয়। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মহিউদ্দীন বলেন, আশঙ্কা করা হচ্ছে, এ বছর চরভদ্রাসনে বোরো চাষের আবাদ কম হবে। গত অর্থবছরে ধানের দাম কম হওয়ায় ও পাটের দাম বেশি হওয়ায় অনেক কৃষক এ বছর ধান চাষ না করে পাটের দিকে ঝুঁকছেন। জমি মরগেজ রেখে সাধারণত ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। জমি নদীতে বিলীন হয়ে গেলে বা নদীর মধ্যে থাকলে ঋণ দেওয়া সম্ভব নয়।