চরম অসতর্কতা, করুণ মৃত্যু
রাজধানীর পূর্ব রামপুরার ভূঁইয়া গলিতে গতকাল সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে ইট পড়ে এক শিশু নিহত ও অপর দুই শিশু আহত হয়েছে।নিহত শিশুর নাম তাওহীদ হোসেন হাওলাদার (৪)। আহত দুই শিশু হলো মারুফ হোসেন (৬) ও সানি (৫)। আহত শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারুফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পুলিশ জানায়, গতকাল পূর্ব রামপুরার ওই গলিতে বাবু ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচে তাওহীদ, মারুফ ও সানি খেলছিল। ওই সময় ভবনটির পাঁচতলায় কর্মরত শ্রমিকেরা লোহা সরাতে গেলে পাশেই স্তূপ করে রাখা কয়েকটি ইট নিচে পড়ে যায়। এতে ওই তিন শিশু আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।যোগাযোগ করা হলে নিহত শিশুর বাবা ইসরাফিল হাওলাদার কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, তাঁর দুই ছেলে এক মেয়ের মধ্যে তাওহীদ দ্বিতীয়। তিনি পরিবার নিয়ে এই গলির একটি ছাপড়া ঘরে থাকেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, ভবন নির্মাণের সময় কোনো সতর্কতামূলক ব্যবস্থা ছিল না। ঘটনার পরপরই শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ভবনের মালিক বাবু ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।