চরম পরিস্থিতি না হলে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করবে না
পরমাণু নীতির পর্যালোচনা করে মার্কিন প্রশাসন বলেছে, আমেরিকার জাতীয় স্বার্থ হুমকির মুখে পড়লে সে রকম চরম পরিস্থিতিতেই শুধু তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও ‘পারমাণবিক সন্ত্রাস’কে তারা পরমাণু নীতির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।গতকাল মঙ্গলবার মার্কিন প্রশাসন তাদের ঘোষিত নতুন পরমাণু নীতিতে এসব কথা বলেছে। এতে ওবামা প্রশাসন বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর জাতীয় স্বার্থের বিরুদ্ধে চরম আঘাত এলে কেবল তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রাধান্য পাবে। ঘোষিত নীতিতে যুক্তরাষ্ট্র বলেছে, তারা নতুন করে আর পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে বিদ্যমান অস্ত্রের মান আরও আধুনিকীকরণ করবে।পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নতুন পরমাণু নীতির বিষয়ে বলেছেন, ‘আমাদের পারমাণবিক শক্তি রূপান্তরের ক্ষেত্রে এ ঘোষণা একটি মাইলফলক।’নতুন এ নীতিতে আরও বলা হয়েছে, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষরকারী যেসব দেশ পরমাণু অস্ত্রের মালিক নয়, সেসব দেশের মার্কিন পারমাণবিক হামলার ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওয়াশিংটন কখনো এসব দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে না। তবে ইরান ও উত্তর কোরিয়া এ শর্তের আওতার বাইরে।এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, তেহরান ও পিয়ংইয়ং অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে চলেছে। তাদের এ ঔদ্ধত্যের কারণে তারা বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকবে।মার্কিন নতুন পরমাণু নীতিতে স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে পরমাণু অস্ত্র নিয়ে ওয়াশিংটনের চিন্তাভাবনার পরিবর্তন এবং গণবিধ্বংসী সামরিক প্রযুক্তি রোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তা ছাড়া ১৯৬৮ সালের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সইকারী পরমাণু অস্ত্রমুক্ত দেশগুলোকে পুরস্কৃত করার বিষয়টি উঠে এসেছে। এতে পারমাণবিক অস্ত্র ও সরঞ্জামের বিস্তার রোধে ‘পারমাণবিক সন্ত্রাস’কে চরম হুমকি বলে অভিহিত করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পরমাণু অস্ত্র হ্রাস-সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের দুই দিন আগে নতুন এ পরমাণু নীতি ঘোষণা করা হলো। পরমাণু অস্ত্র হ্রাস-সংক্রান্ত এ চুক্তির বিষয়ে গত মাসে দুই পরাশক্তি সম্মত হয়। এএফপি, বিবিসি ও সিএনএন।