চরমপন্থী নেতা শৈলেন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বিলে আজ শনিবার ভোররাত তিনটার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শৈলেন্দ্রনাথ বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্যমতে তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন। খুলনা র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে জানান, র‌্যাবের নিয়মিত টহল দল দৌলতপুর-শাহপুর সড়কের শলুয়া দিয়ে যাওয়ার সময় পাশের বিলে সাত থেকে আটজনের একটি দলের উপস্থিতি টের পায়। র‌্যাব সদস্যরা তাদের দিকে এগোতে থাকলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ১০ থেকে ১৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলার পর ১০০ গজ সামনে একজনকে পড়ে থাকতে দেখে র‌্যাব। এলাকার লোকজন পরে জানায়, মাটিতে পড়ে থাকা ব্যক্তির নাম শৈলেন। ডুমুরিয়া থানার পুলিশকে খবর দিলে তাঁরা এসে শৈলেনকে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি গুলিসহ আরেকটি রিভলবার উদ্ধার করা হয়েছে।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, আজ সকাল পৌনে সাতটার দিকে মৃত অবস্থায় শৈলেনকে এখানে নিয়ে আসা হয়। তাঁর মাথা ও বুকে গুলির ক্ষত ছিল।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, খুলনার ত্রাস শৈলেনের নামে শুধু ডুমুরিয়া থানায় আটটি হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ মোট ২৮টি মামলা আছে। এর মধ্যে চারটি মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ প্রথম আলো ডটকমকে বলেন, ‘কুখ্যাত সন্ত্রাসী শৈলেনকে ধরতে কয়েক বছর অনেক চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন।’