চরমপন্থীদের হাতে চরমপন্থী নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের আতিয়ার রহমানকে (৪০) গত রোববার জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার বানিয়াপুকুর-যুগীরঘোপার রাস্তার পাশ থেকে আতিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতিয়ারের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন।নিহত আতিয়ার চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মেহেরপুর অঞ্চল কমান্ডার ছিলেন। চরমপন্থী সংগঠন এমএল-লাল পতাকা নেতা পরিচয়ে অজয় শিকদার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সংবাদপত্রে দেওয়া বিবৃতিতে বলছেন, আতিয়ার দলচ্যুত হয়ে পুলিশের দালালি করতেন। তাই তাঁকে দলের যোদ্ধারা খুন করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার যুগীরঘোপা গ্রামের একাধিক গ্রামবাসী জানান, হেমায়েতপুর গ্রামের তাইজেল হোসেনের মেয়ে সেলিনা হোসেনের সঙ্গে আতিয়ারের বিয়ে হয়। এই ঘরে তাঁর দুই ছেলে রয়েছে। নানা ব্যবসার পাশাপাশি গোপনে আতিয়ার চরমপন্থীদের সঙ্গে কাজ করতেন। একপর্যায়ে গ্রামের কয়েকটি হত্যা মামলায় জড়িয়ে গেলে তিনি চরমপন্থী জীবন বেছে নেন। পরে যুগীরঘোপা গ্রামের হজরত আলীর স্ত্রী ডলি বেগমের সঙ্গে সম্পর্ক হলে দুই বছর আগে ডলি বেগমকে বিয়ে করে তিনি বানিয়াপুকুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসবাস শুরু করেন। এই নিয়ে গ্রামে বিরোধ শুরু হলেও ভয়ে গ্রামের কেউ আতিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে পারেননি। এর মধ্যে চরমপন্থী সংগঠন এমএল-লাল পতাকার সঙ্গে বিরোধ সৃষ্টি হলে আতিয়ার দল ছাড়েন। নিহত ব্যক্তির প্রথম স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাঁকে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে রাস্তার ওপর ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন করেছে। এ সময় দ্বিতীয় স্ত্রী ডলি বেগম তাঁর সঙ্গে ছিলেন। তাঁর হাত ডলি বেগমের ওড়না দিয়ে বাঁধা ছিল। হত্যাকাণ্ডের পর থেকে ডলি বেগম গা ঢাকা দিয়েছেন। তাঁর অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে ডলির সম্পৃক্ততা আছে। ডলি চরমপন্থী এমএল-লাল পতাকার নারী চরমপন্থী সদস্য হিসেবে গোপনে কাজ করতেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আতিয়ার দীর্ঘদিন ধরে এমএল-লাল পতাকার মেহেরপুর আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নামে থানায় হত্যা, চাঁদাবাজি ও বোমাবাজির চারটি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। চরমপন্থীদের সঙ্গে অন্তর্দ্বন্দ্বের জের ধরে আতিয়ার খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ডলি বেগমকে আটক করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। আতিয়ারের বাড়ির মালিক রবিউল ইসলামকে (৪৫) ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। এ ঘটনায় সেলিনা খাতুন থানায় একটি হত্যা মামলা করেছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।